ক্ষতিপূরণের পরিবর্তে ঋণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষতিপূরণের পরিবর্তে ঋণ নিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করছে বাংলাদেশ। মূলত বিশ্বব্যাংকই বাংলাদেশকে এ প্রস্তাব দিয়েছে। আর এ জন্য ৬২ কোটি ৫০ লাখ ডলারের (প্রায় চার হাজার ৩৭৫ কোটি টাকা) একটি তহবিলের ঘোষণাও করেছে সংস্থাটি। এর মধ্যে ৫৭ কোটি ৫০ লাখ ডলার ঋণ এবং পাঁচ কোটি ডলার অনুদান রয়েছে।বিশ্বব্যাংকের উদ্যোগে তৈরি হওয়া জলবায়ু বিনিয়োগ তহবিল (সিআইএফ) থেকে এর মধ্যে প্রাথমিকভাবে ৭৭০ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। সরকার ও বিশ্বব্যাংকের তৈরি করা একটি যৌথ কর্মপরিকল্পনা এবং প্রস্তাবের ভিত্তিতে এই তহবিলের অনুমোদন দেওয়া হয়েছে।‘পাইলট প্রোগ্রাম অব ক্লাইমেট রেজিলিয়েন্সের (পিপিসিআর)’ আওতায় এই অর্থ দেওয়া হচ্ছে। এর মধ্যে ৪২০ কোটি টাকা ঋণ ও ৩৫০ কোটি টাকা অনুদান। গত ১১ নভেম্বর বিশ্বব্যাংকের ওয়াশিংটনের প্রধান কার্যালয়ে বাংলাদেশসহ নাইজার ও কাজাখস্তানকে মোট ২৭ কোটি ডলারের তহবিল দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।সিআইএফ তহবিলের পরবর্তী ধাপে বাংলাদেশকে আরও ৫৩ কোটি ডলারের ঋণ দেওয়ার প্রস্তাব করেছে বিশ্বব্যাংক। মোট ছয় হাজার ৪০০ কোটি ডলারের এই তহবিল থেকে বাংলাদেশ চাইলে আরও অর্থ নিতে পারবে বলে জানিয়েছেন বাংলাদেশের পক্ষে তহবিলটির তত্ত্বাবধানকারী অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব আরস্তু খান।ঋণ নেওয়ার বিরোধিতা: জলবায়ু পরিবর্তন-বিষয়ক সরকারি প্রতিনিধিদলের সদস্য ও বিশেষজ্ঞরা বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছেন। তাঁরা বলছেন, সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশ হিসেবে বাংলাদেশ এই ঋণ নিতে পারে না। শিল্পোন্নত দেশগুলো জাতিসংঘের জলবায়ু তহবিলের টাকা ছাড় করছে না। অথচ ঋণ নিয়ে জলবায়ু মোকাবিলাকারী দেশের মডেল হিসেবে বাংলাদেশকে দেখাতে চাচ্ছে।বাংলাদেশ জলবায়ু ট্রাস্ট ফান্ডের সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদ প্রথম আলোকে বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের ঋণ নেওয়া উচিত হবে না। শিল্পোন্নত দেশগুলোর নিঃসরিত কার্বনের কারণে বিশ্বের জলবায়ু পরিবর্তিত হচ্ছে। বিশ্বে তাপমাত্রা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও ঝড়-বন্যার প্রকোপ বাড়ছে। এতে স্বল্পোন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় দায়ী দেশগুলোকে ক্ষতিপূরণ হিসেবে অনুদান দিতে হবে।জাতিসংঘসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, বিশ্বের শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশগুলো জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থ দেওয়ার যে অঙ্গীকার করেছিল, তা এখন সিআইএফ তহবিলে জমা হচ্ছে। এ অবস্থায় নতুন করে ঋণ নেওয়ার প্রয়োজন নেই বলেই সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।ইউরোপভিত্তিক আন্তর্জাতিক সংস্থা জুবিলি ডেট ক্যাম্পেইন সম্প্রতি বিশ্বব্যাংকের জলবায়ু তহবিল ঘোষণা ও বাংলাদেশের জন্য ঋণপ্রস্তাবের বিরোধিতা করে বলছে, সিআইএফ তহবিলের টাকা আবার ঘুরেফিরে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছে ফিরে যাবে। আর বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে গিয়ে আরও বেশি ঋণের জালে আটকে পড়বে।পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদার এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, বাংলাদেশ ঋণের টাকা দিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে চায় না। বাংলাদেশ অনুদানের টাকা নিতে রাজি আছে, ঋণের টাকা নয়।তবে আরস্তু খান এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, বিশ্বব্যাংকের এই তহবিল বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ। পরবর্তী ধাপে বিশ্বব্যাংক ৩০ কোটি ডলার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ২১ কোটি ৫০ লাখ ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে। এই অর্থ দিয়ে উপকূলীয় বেড়িবাঁধ মেরামত এবং পানি ও স্যানিটেশন কর্মসূচি হাতে নেওয়া হবে।ক্ষতিপূরণের বদলে ঋণ: জুবিলি ডেট ক্যাম্পেইন এবং ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ফোরামের এক সাম্প্রতিক পর্যবেক্ষণে বলা হয়েছে, বিশ্বব্যাংকের জলবায়ু তহবিলের ব্যবস্থাপনা এমনভাবে করা হয়েছে, যাতে অর্থ জোগানদানকারী দেশগুলো নিজেদের দেওয়া টাকা আবারও ফেরত নিতে পারে। বাংলাদেশকে যে ঋণ দেওয়া হবে, তার ১৫ কোটি ডলার সরবরাহ করবে ব্রিটেন।জুবিলি ডেট ক্যাম্পেইনের মতে, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক মৌলনীতি অনুযায়ী যারা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী, তাদের এর জন্য ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিগ্রস্ত দেশগুলোকে তহবিল দিয়ে সহায়তা করতে হবে। সংগঠনটি আরও বলেছে, বিশ্বব্যাংক জৈবজ্বালানি অর্থলগ্নিকারী হিসেবে বিশ্বের সবচেয়ে বড় সংস্থা। ২০১০ সালে বিশ্বব্যাংক রেকর্ড পরিমাণে অর্থ কয়লানির্ভর বিদ্যুৎ উৎপাদনে লগ্নি করেছে। ইউএস ব্যাংক ইনফরমেশন সেন্টারের হিসাব অনুযায়ী, ২০১০ সালে বিশ্বব্যাংক গ্রুপ জৈবজ্বালানি খাতে ৬৬০ কোটি টাকা বিনিয়োগ করেছে, ২০০৯ সালের তুলনায় যা ১১৬ শতাংশ বেশি।পিপিসিআর প্রকল্পের বাংলাদেশ অংশের টিমলিডার ও বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের জ্যেষ্ঠ পরিবেশ অর্থনীতিবিদ মারিয়া শারাফ এ বিষয়ে বলেন, বাংলাদেশের উপকূলীয় এলাকা ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কারণে ঝুঁকির মধ্যে আছে। দুর্যোগ থেকে উপকূলীয় মানুষকে রক্ষার জন্য এই তহবিলের অর্থ ব্যয় করা যেতে পারে। শেষ