ক্ষমতা আসে ব্যালটের মাধ্যমেই: সংসদে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বুলেট নয়, ক্ষমতা ব্যালটের মাধ্যমেই আসে। সেটাই প্রতিষ্ঠিত করতে চাই। সে লক্ষ্যেই আমরা কাজ করছি। আর সে জন্যই আদালতের নির্দেশনা অনুসারে সংবিধান সংশোধনে সংসদে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি নিশ্চয়ই জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে—অসাংবিধানিকভাবে যাতে আর ক্ষমতা দখল না হয়, ক্ষমতা যাতে জনগণের হাতে থাকে, সে লক্ষ্যেই কাজ করবে।’ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।কমিটিতে বিরোধী দলের নাম না দেওয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধী দল এখনো নাম দিলে সংসদে আবার কমিটি পুনর্গঠন করে তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে। এ নিয়ে কোনো লুকোচুরি নেই। কারণ আমাদের লক্ষ্য সাংবিধানিক প্রক্রিয়া অব্যাহত রাখা।’শেখ হাসিনা বলেন, বিএনপির জন্মই হচ্ছে অবৈধভাবে। এ জন্যই তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা সংসদীয় গণতন্ত্র চায় না।প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধী দল আদালত মানবে না, পার্লামেন্ট মানবে না। তাহলে তারা চায়টা কী? ক্ষমতা তো কেউ তাদের কেউ কোলে করে এনে বসিয়ে দেবে না, লোকমা তুলে দেবে না।’