অর্থনীতি সমিতির সম্মেলনের দ্বিতীয় দিন
ক্ষমতা ও উন্নয়ন কর্মকাণ্ড বিকেন্দ্রীকরণের তাগিদ
ক্ষমতা ও উন্নয়ন কর্মকাণ্ড বিকেন্দ্রীকরণের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদেরা। তাঁরা সারা দেশ থেকে মানুষের ঢাকামুখী প্রবাহ নিয়ন্ত্রণ করারও পরামর্শ দেন। বাংলাদেশ অর্থনীতি সমিতির ১৭তম দ্বিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার এই তাগিদ ও পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া দিনব্যাপী আলোচনায় দারিদ্র্য কমাতে কর্মসংস্থান সৃষ্টির জন্য অপরিহার্য শিল্প খাতের বিকাশে জ্বালানি-সংকট নিরসন ও পর্যাপ্ত অবকাঠামো বিনির্মাণের ওপর জোর দেওয়া হয়। ঢেলে সাজাতে বলা হয়েছে ক্ষুদ্রঋণ কার্যক্রম। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দ্বিতীয় দিনে ছয়টি কর্ম-অধিবেশন হয়। ‘উন্নয়ন অর্থনীতি’ শিরোনামের কর্ম-অধিবেশনে বক্তারা শাসনক্ষমতা বিকেন্দ্রীকরণের ওপর জোর দেন। তাঁরা বলেন, মানুষকে ঢাকামুখী করে তুলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। এই অধিবেশনের সভাপতি মইনুল ইসলাম উপজেলা চেয়ারম্যানদের ওপর সাংসদদের কর্তৃত্ব চাপিয়ে দেওয়ার প্রবণতার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার জনদরদি বলে পরিচিত। অথচ তারাই উপজেলা তথা স্থানীয় সরকারকে দুর্বল করে সাংসদদের কর্তৃত্ব বাড়াচ্ছে। শুধু মুখে বিকেন্দ্রীকরণের কথা নয়, বাস্তবেও তা করে দেখাতে হবে। অধিবেশনের নির্ধারিত বক্তা অধ্যাপক মনতোষ চক্রবর্তী বলেন, বৈশ্বিক আর্থিক ব্যবস্থার যে ক্ষমতা, তার প্রভাব রোধ করার ক্ষমতা বাংলাদেশের অর্থনীতির নেই, এটাই বাস্তবতা। উন্নয়ন যাত্রায় এই বাস্তবতা মেনে নিয়েই চলতে হবে।সকালে ‘দারিদ্র্য, বৈষম্য, কর্মসংস্থান ও ক্ষুদ্রঋণ’-বিষয়ক কর্ম-অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক আবদুল বায়েস। নির্ধারিত আলোচক ছিলেন অধ্যাপক ইরশাদ কামাল খান। এই অধিবেশনে বক্তারা দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁরা ক্ষুদ্রঋণ কার্যক্রম অর্থবহভাবে আয় সৃষ্টিকারী করার জন্য এ কার্যক্রমকে নতুনভাবে ঢেলে সাজানোর প্রস্তাব করেন। তাঁরা বলেন, বাংলাদেশে যে গতিতে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সে হারে কর্মসংস্থানের সুযোগ বাড়ছে না। সমাজে আয়বৈষম্য বেড়ে যাওয়ায় গরিব মানুষ দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্তি পেতে ছুটে যাচ্ছে বিভিন্ন এনজিওর কাছে, আর পড়ে যাচ্ছে ক্ষুদ্রঋণের ফাঁদে। ক্ষুদ্রঋণের উচ্চসুদ তাদের দারিদ্র্যের চক্র থেকে বের হতে দিচ্ছে না। ‘বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ’-বিষয়ক কর্ম-অধিবেশনে সভাপতিত্ব করেন শামসুল আলম। নির্ধারিত আলোচক ছিলেন অধ্যাপক মোহাম্মদ মামুন। অধিবেশনে বক্তারা বলেন, সময়সাপেক্ষ ব্যাপার হলেও নতুন নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও বিদ্যমান কেন্দ্রগুলোর উৎপাদনক্ষমতা বাড়াতে হবে। তাঁরা বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাসের ওপর একক নির্ভরশীলতা কমানোর পরামর্শ দেন। তাঁরা বিদ্যুৎ খাতে আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের পরামর্শ দিয়ে বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো নিজেদের মধ্যে জ্বালানিসংক্রান্ত তথ্য ও প্রযুক্তি বিনিময় করতে পারে। অবকাঠামো-বিষয়ক কর্ম-অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরী। নির্ধারিত আলোচক ছিলেন অধ্যাপক আবদুর রহমান। এই অধিবেশনে বক্তারা বলেন, ‘অবকাঠামোগত দিক থেকে বাংলাদেশের অবস্থান খুবই দুর্বল ও নাজুক। এই পরিস্থিতির জন্য আমাদের সরকারগুলোই দায়ী।’ তাঁরা বলেন, বিশ্বের বেশির ভাগ দেশে সরকারগুলো বাজারব্যবস্থাপনা করলেও বাংলাদেশে তা অনুপস্থিত। অথচ বাজারও অবকাঠামোর একটি অংশ। দুর্বল অবকাঠামো শুধু শিল্পায়নকে বাধাগ্রস্ত করছে তাই নয়, বিভিন্ন উপকরণ থাকার পরও পর্যটনশিল্পের বিকাশ ঘটানো যাচ্ছে না। ‘আর্থিক খাত ও মুদ্রাবাজার’-বিষয়ক কর্ম-অধিবেশনে সভাপতির বক্তব্যে খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, বাংলাদেশে গৃহায়ণ ঋণের সুদের হার অনেক বেশি। এটা কমানো প্রয়োজন। মুক্ত অর্থনীতি আর মুক্ত কচ্ছ অর্থনীতি এক জিনিস নয়। এ অধিবেশনের নির্ধারিত আলোচক হাবিবুল্লাহ বাহার বলেন, পল্লী অঞ্চলে বিদেশি ব্যাংকের কোনো শাখা নেই। এমনকি বেসিক ব্যাংকের শাখাও নেই। এটা গ্রামীণ অর্থনীতির জন্য সহায়ক নয়।‘শিল্প ও শিল্পায়নের কৌশল’ শীর্ষক কর্ম-অধিবেশনে সভাপতিত্ব করেন জ্যোতি প্রকাশ দত্ত। নির্ধারিত আলোচক ছিলেন শফিক-উজ-জামান। অধিবেশনে বক্তারা জ্বালানি-সংকটকে শিল্প খাতের বিকাশের অন্যতম অন্তরায় হিসেবে অভিহিত করে বলেন, দেশের শিল্পকারখানাগুলো এখন যেভাবে ভুগছে, তার জন্য চড়া মূল্য দিতে হতে পারে। শিল্পের ক্ষেত্রে কৌশলগত ব্যর্থতা আছে, তা চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নিতে হবে।মোহনপুরে ট্রাক-মিশুক মুখোমুখি সংঘর্ষ, কলেজ অধ্যক্ষ নিহত