ক্ষমতা ও দাম্ভিকতা রাজনৈতিক নেতার আদর্শ হতে পারে না
স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ক্ষমতা ও দাম্ভিকতা একজন রাজনৈতিক নেতার আদর্শ হতে পারে না। সাধারণ মানুষ এটা পছন্দও করে না। তাই এ ব্যাপারে রাজনীতিবিদদের সতর্ক থাকতে হয়।আজ সোমবার কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজে সৈয়দ নাফিসা ইসলাম ছাত্রী নিবাসের উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দ আশরাফ এসব কথা বলেন।সৈয়দ আশরাফ বলেন, কাজকর্ম, আচার-ব্যবহার ও চলাফেরায় স্বাভাবিক আচরণের মাধ্যমে একজন রাজনৈতিক নেতা কিংবা সাংসদকে রাজনৈতিক শিষ্টাচারের বহিঃপ্রকাশ ঘটাতে হবে। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে মানুষ তৈরির কারিগর হিসেবে কাজ করতে হবে। শিক্ষার্থীরা যাতে পশুশক্তি নিবৃত্ত করে সততা, ভদ্রতা, শালীনতা ও আত্মশুদ্ধির মাধ্যমে গড়ে উঠতে পারে, এ জন্য শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, আগামী দিনে গণতান্ত্রিক শাসনব্যবস্থা অব্যাহত রাখতে হলে নির্বাচনের বিকল্প নেই। এবার দেশব্যাপী বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। সবার মধ্যে প্রাণের উচ্ছ্বাস ছিল। তাই বিজয়ের এ মাসে সবকিছু তুচ্ছ করে জাতিকে একজোট হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌর মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ সাদী, জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান, পুলিশ সুপার মীর রেজাউল আলম, প্রধান নির্বাহী মো. আনিছুজ্জামান প্রমুখ।