ক্ষমতা ছাড়লেন মোবারক
বিক্ষোভকারীদের তীব্র আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়েছেন মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারক। আজ শুক্রবার সন্ধ্যায় মিসরের ভাইস প্রেসিডেন্ট ওমর সুলায়মান রাষ্ট্রীয় টেলিভিশনে এ ঘোষণা দেন। এখন দেশটির শাসনভার হাতে নিয়েছে সেনাবাহিনী। এ ঘোষণা শোনার পর বিক্ষোভকারীরা কায়রোর তাহরির স্কয়ারে আনন্দ-উৎসব করছে। খবর বিবিসির। এর আগে হোসনি মোবারক গণবিক্ষোভের মুখে কায়রো ছেড়ে দক্ষিণ মিসরের শারম আল শেখে চলে গেছেন বলে জানা গেছে। তাঁর সঙ্গে পরিবারের সদস্যরাও রয়েছেন।মোবারকের পদত্যাগের খবরে নীল নদের দেশে রাস্তা-ঘাট জনতার উল্লাসে মুখরিত। মিসরের মোবারকের ৩০ বছরের শাসনের অবসানে পুরো দেশ জুড়ে চলছে আনন্দ মিছিল। লাখো জনতা রাজধানীর কায়রোর তাহরির স্কয়ারসহ দেশের বিভিন্ন শহরে আনন্দ-উল্লাস করছে। প্রেসিডেন্ট প্রাসাদ, পার্লামেন্ট ভবন, রাষ্ট্রীয় টেলিভিশনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় অবস্থান নিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়। এক পর্যায়ে সরকার বিরোধী আন্দোলনে যোগ দেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাবেক প্রধান এল বারাদি। গতকাল বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে মোবারক আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের পর ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। মোবারকের এ ঘোষণায় আবারও মিসরজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাঁর এ ঘোষণা প্রত্যাখ্যান করে বিরোধীরা বলেছে, মোবারক ক্ষমতা না ছাড়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে। তারা আজ কায়রোর তাহরির স্কয়ারসহ দেশের বিভিন্ন শহরে বিক্ষোভের ঘোষণা দেয়।