ক্ষমতা ত্যাগের চুক্তিতে সই করতে ইয়েমেনের প্রেসিডেন্টের অস্বীকৃতি
ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ ক্ষমতা ছেড়ে দেওয়ার চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন। আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে এ খবর জানানো হয়েছে। এর আগে উপসাগরীয় ও আরব রাষ্ট্রগুলোর মধ্যস্থতায় দায়মুক্তির শর্তে ইয়েমেনের প্রেসিডেন্ট ক্ষমতা ছেড়ে দেওয়ার চুক্তিতে স্বাক্ষর করতে সম্মত হয়েছিলেন। কিন্তু গতকাল শনিবার জানা গেছে, ওই সমঝোতা চুক্তির ব্যাপারে এখনো তাঁর কিছু আপত্তি আছে। আলী আবদুল্লাহ সালেহকে ক্ষমতা ছেড়ে দেওয়ার চুক্তিতে স্বাক্ষর করানোর উদ্দেশ্যে গতকাল শনিবার ইয়েমেন সফরে যান উপসাগরীয় সমবায় কাউন্সিলের মহাসচিব আবদুল লতিফ আল জায়ানি। তিনি সেখানে দেশটির ক্ষমতাসীন দলের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করেন। তাঁকে জানানো হয়েছে, ওই চুক্তির ব্যাপারে সালেহর কিছু আপত্তি আছে। এদিকে ইয়েমেনের বিরোধীরা এ চুক্তি মেনে নিতে সম্মত হলেও অনেক বিক্ষোভকারী তা প্রত্যাখ্যান করেছে। বিক্ষোভকারীরা বলছে, এই সমঝোতা চুক্তি সালেহকে বিচারের মুখোমুখি হওয়া থেকে রেহাই দেবে। বিক্ষোভকারীরা সালেহকে বিচারের মুখোমুখি করারও দাবি জানিয়েছে। সালেহর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ রয়েছে। গত তিন মাসের সরকারবিরোধী বিক্ষোভে ইয়েমেনে প্রায় ১৪২ ব্যক্তি নিহত হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম ও মানবাধিকার সংগঠন দাবি করেছে। দেশটিতে গত তিন মাস ধরে সালেহবিরোধী বিক্ষোভ চলছে।