ক্ষমতা দিন, নইলে উপজেলা থেকে প্রতিরোধ আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা তৃণমূলের জনপ্রতিনিধি। তৃণমূলকে ক্ষমতাহীন করে রাখার পরিণাম শুভ হবে না। ক্ষমতা দিন, নইলে উপজেলা থেকে প্রতিরোধ আন্দোলন শুরু হবে। তখন আর কেউ ঠেকাতে পারবে না।’ গতকাল সোমবার বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতারা দুই মাসের আন্দোলন কর্মসূচি ঘোষণা করে সরকারের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সিলেটের একটি রেস্তোরাঁর মিলনায়তনে কেন্দ্রীয় নেতারাসহ দেশের ছয়টি বিভাগ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা মিলিত হন মতবিনিময় সভায়। সভায় দুই শতাধিক চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের সর্বসম্মত মতামতের পরিপ্রেক্ষিতে ১০ দফা দাবিতে দুই মাসব্যাপী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে গতকাল থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব কটি জেলা শহরে মতবিনিময়, ১ মার্চ বেলা ১১টায় প্রতিটি উপজেলায় একযোগে মানববন্ধন, ১৫ মার্চ জেলা সদরে একযোগে মানববন্ধন ও সমাবেশ, ৩০ মার্চ বেলা ১১টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ হবে। ওই কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে।জনপ্রতিনিধি হিসেবে বিগত এক বছরের অভিজ্ঞতা মূল্যায়ন করে চেয়ারম্যানরা বলেন, আমলাদের বিরোধিতার কারণে ক্ষমতা তাঁদের হাতে দেওয়া হচ্ছে না। আমলারা উপজেলা পরিষদ নিয়ে ধূম্রজাল সৃষ্টি করছেন। তাঁরা নির্বাচিত হয়েছেন, কিন্তু ক্ষমতা না দেওয়ায় মানুষের জন্য কিছুই করতে পারেননি। এ অবস্থায় আন্দোলন করে ক্ষমতা আদায় করা ছাড়া কোনো বিকল্প নেই।ঘোষিত আন্দোলন কর্মসূচির স্বপক্ষে মতবিনিময় সভায় বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা একাত্মতা প্রকাশ করে তাঁদের মতামত ব্যক্ত করেন। ঐক্য পরিষদের সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক দেওয়ান জয়নুল জাকেরীনের সভাপতিত্বে সভায় বেশ কয়েকজন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বক্তব্য দেন। সভায় বলা হয়, সংবিধানের আলোকে উপজেলা পরিষদ রহিত আইন পুনরায় প্রচলন ও সংশোধন আইন-২০০৯-এর প্রয়োজনীয় সংশোধনী এনে উপজেলা পরিষদকে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে কার্যকর করতে হবে। এর আলোকে ঐক্য পরিষদের ঘোষিত ১০ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, উপজেলা পরিষদের ন্যস্তকৃত মন্ত্রণালয়ের দপ্তরগুলোর সব কর্মকর্তা ও কর্মচারীর গোপন প্রতিবেদন লেখার দায়িত্ব উপজেলা চেয়ারম্যানকে দেওয়া, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানদের পরিষদের সব স্থায়ী কমিটির সভাপতি করা, সব দাপ্তরিক ফাইল ভাইস চেয়ারম্যানের মাধ্যমে চেয়ারম্যানের কাছে পেশ করা, সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের মধ্যে ভারসাম্যপূর্ণভাবে স্বীয় সম্পদ বরাদ্দ করা, উপজেলা পরিষদকে কার্যকর ও পূর্ণাঙ্গ করার জন্য সংরক্ষিত আসনে নারীদের এক-তৃতীয়াংশ শূন্য পদ অবিলম্বে পূরণ করা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নিজস্ব বাজেট ও জাতীয় সরকারের বরাদ্দ একীভূত করে জাতীয় সংসদে স্থানীয় সরকারের পৃথক জাতীয় বাজেট ঘোষণা করা এবং অবিলম্বে ভারসাম্যপূর্ণ আইন প্রণয়ন করে জেলা পরিষদ পুনর্গঠন করা।১০ দফা দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করে ঐক্য পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, ‘টানা দুই মাসের এই আন্দোলন কর্মসূচির পর ১০ দফা দাবি আদায় না হলে পরবর্তী সময়ে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।’