ক্ষমতা নেই বলে অবহেলা করবেন না
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেছেন, ‘৭১-এর মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করে আমাদের আলোকোজ্জ্বল যাত্রা শুরু করতে হবে। কারণ, এই বিচার না হওয়া পর্যন্ত আমাদের এগিয়ে যাওয়ার পথ রুদ্ধ হয়ে আছে। কোনো সরকার, সরকারি দল বা গোষ্ঠী নয়; এ বিচার করছে পুরো জাতি। যারা যুদ্ধ-পরবর্তী হত্যা-ধর্ষণ-খুনকে একাত্তরের মানবতাবিরোধী যুদ্ধাপরাধের সঙ্গে সমান করে দেখার চেষ্টা করেন, তাঁরা প্রকৃতপক্ষে একাত্তরের মানবতাবিরোধী কর্মকাণ্ডকে সমর্থন করেন। মানবতাবিরোধী অপরাধীরা একটি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য হত্যা-ধর্ষণ-লুণ্ঠনের মতো ঘটনা ঘটিয়েছে।’আজ বুধবার বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে ‘মানবাধিকার রক্ষায় সমন্বিত উদ্যোগের বিষয়ে সচেতনতা বৃদ্ধি প্রচারাভিযান’ শীর্ষক মতবিনিময় সভায় মিজানুর রহমান এসব কথা বলেন।সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘আমাদের হাতে আইনি ক্ষমতা নেই বলে অবহেলা করবেন না। কারণ, আমাদের পেছনে জনগণের সমর্থন রয়েছে। আমরা জনগণের স্বার্থে কাজ করি। এ ক্ষেত্রে কোনো সমঝোতা হবে না।’ তিনি বলেন, ‘ভারতে মেডিকেল কলেজের ছাত্রী ধর্ষণ ও হত্যার পর বাংলাদেশে ধর্ষণের হিড়িক পড়েছে। এর কারণ কঠোর আইনি ব্যবস্থার অভাব। তাই এ ক্ষেত্রে প্রশাসনকে কঠোর হতে হবে।’ মিজানুর রহমান আরও বলেন, ‘অধিকারের জন্য চিত্কার করার কোনো প্রয়োজন নেই। আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করি, অধিকার আপনা আপনিই প্রতিষ্ঠিত হবে। ১৯৭১ সালে মুজিবনগরে স্বাধীনতার ঘোষণাপত্রে সমতা, ন্যায়বিচার ও মানবসত্তার সদিচ্ছা প্রতিষ্ঠাকেই স্বাধীনতা সংগ্রামের লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। এ কাজগুলো করার জন্য জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে।’মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, জাতীয় মানবাধিকার কমিশনের কোনো নির্বাহী ক্ষমতা নেই, কিন্তু এটি জনগণের প্রতিষ্ঠান। কমিশনের সুপারিশ অস্বীকার করার অর্থ জনগণের সুপারিশ অস্বীকার করা। এ প্রতিষ্ঠানের সুপারিশ কতটা বাস্তবায়িত হচ্ছে, তার ওপর নির্ভর করে সরকার কতটা গণতান্ত্রিক-ন্যায়ভিত্তিক। এই প্রতিষ্ঠান কাজ করছে সংবিধানের আলোকে, রাষ্ট্রীয় স্বার্থ ও মানুষের বৈধ স্বার্থ রক্ষা করতে। এই কমিশনের তত্পরতার ফলেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কমেছে। যতক্ষণ পর্যন্ত তা শুন্যের কোঠায় নেমে না আসবে এবং ইচ্ছার বিরুদ্ধে কারও অন্তর্ধান হওয়ার ঘটনা না ঘটবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’ মানবাধিকার রক্ষায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।সরকারি স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সকদের অনুপস্থিতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মিজানুর রহমান বলেন, ‘জনগণের পয়সায় বেতন নিয়ে সেবা না দেওয়া গর্হিত ও অন্যায় কাজ। এটা কোনোভাবেই কাম্য নয়। ময়নাতদন্তের প্রতিবেদন প্রদানে টাকার খেলা হয়, এটা কাম্য নয়। তাই সবক্ষেত্রে দুর্নীতি বন্ধ না হলে সবাইকে আন্দোলনে নামতে হবে।সভায় আরও বক্তব্য দেন মানবাধিকার কমিশনের সচিব তাজুল ইসলাম চৌধুরী, পরিচালক আবু জাফর মো. কামরুজ্জামান, বগুড়ার জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ, পুলিশ সুপার মোজাম্মেল হক, জেলা সিভিল সার্জন খলিলুর রহমান, বগুড়ার পৌর মেয়র এ কে এম মাহবুবুর রহমান, বগুড়া চেম্বারের প্রেসিডেন্ট মমতাজ উদ্দিন, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুন, সাংবাদিক প্রদীপ ভট্টাচার্য্য প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, ছাত্র- ছাত্রী, বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিরা অংশ নেন।