প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বুলেট নয়, ক্ষমতা ব্যালটের মাধ্যমেই আসে, তাই প্রতিষ্ঠিত করতে চাই। সে লক্ষ্যেই আমরা কাজ করছি। সে জন্যই আদালতের নির্দেশনা অনুসারে সংবিধান সংশোধনে সংসদে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি নিশ্চয়ই জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে।’শেখ হাসিনা বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের ভেতর অনুপ্রবেশকারীদের নাম সংগ্রহ করা হচ্ছে। তাদের তালিকা তিনি নিজেই করছেন। তিনি গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন। অধিবেশনে এ সময় সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার শওকত আলী।বিশেষ কমিটিতে বিরোধী দলের নাম না দেওয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধী দল এখনো নাম দিলে সংসদে আবার কমিটি পুনর্গঠন করে তাঁদের নাম অন্তর্ভুক্ত করা হবে। এ নিয়ে কোনো লুকোচুরি নেই। কারণ আমাদের লক্ষ্য সাংবিধানিক প্রক্রিয়া অব্যাহত রাখা।’ তিনি বলেন, বিএনপির জন্মই হয়েছে অবৈধভাবে। এ জন্যই তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা সংসদীয় গণতন্ত্র চায় না। প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল আদালত মানবে না, পার্লামেন্ট মানবে না। তাহলে তারা চায়টা কী? ক্ষমতায় তো কেউ তাদের কোলে করে এনে বসিয়ে দেবে না, লোকমা তুলে দেবে না। ক্ষমতার মালিক জনগণ। তারা সিদ্ধান্ত নেবে, দেশ পরিচালনার দায়িত্ব কাকে দেবে।বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান: বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংসদে বিরোধী দলসহ সবাই যাতে সমানভাবে অংশ নিতে পারে সে লক্ষ্য নিয়েই এ সরকার কাজ করছে। সরকারি দল হয়ে আমরা বিরোধী দলের প্রতি সবসময় আন্তরিক, সহনশীল রয়েছি। যদিও তারা সরকারে থাকাকালে সংসদে আমাদের কথা বলতেও দেয়নি। তিনি বলেন, বিরোধী দলকে সব সুযোগ দেওয়া সত্ত্বেও তারা কেন সংসদে আসে না, তা জানি না। রাজনৈতিক কোনো ইস্যু তো তাদের নেই। প্রথমে তারা সংসদের আসন নিয়ে আন্দোলন করল। পরে তাও দেওয়া হলো। এখন নাকি তারা নিজেদের সম্পদ ও বাড়ি রক্ষার জন্য সংসদ বর্জন করছে। প্রধানমন্ত্রী বলেন, সংসদে না এসে বিরোধী দল মাঠে-ঘাটে রাজনৈতিক অসত্য বক্তব্য দিয়ে বেড়াচ্ছে। তাই কিছু জবাব দেওয়া প্রয়োজন। অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি নয়, অতীত থেকে শিক্ষা নিয়ে এগোতে চাই। তিনি বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের পাঁচ বছরের দুর্নীতি, লুটপাট আর তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরের স্থবিরতা নিয়ে বর্তমান সরকার কাজ শুরু করে। এর পরও গত দেড় বছরের মধ্যে সরকারের কাজে গতিশীলতা ফিরে এসেছে। বিশ্বমন্দা থাকা সত্ত্বেও প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছি। অর্থনীতি গতিশীল রাখা সম্ভব হয়েছে। শেখ হাসিনা বলেন, চারদলীয় জোট সরকারের মতো বিগত তত্ত্বাবধায়ক সরকারও আমাদের নেতা-কর্মীদের ওপর নির্যাতন করেছে। এ সময় তারা বিএনপির দুর্নীতিবাজদের গ্রেপ্তার করেছে। আবার ব্যালান্স করার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধরেছে। আসলে মাইনাস টু ফর্মুলা কার্যকর করার জন্য তারা এসব করেছে।বিদ্যুৎ ও গ্যাস প্রসঙ্গ: প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ, পানি ও গ্যাসের ব্যাপক সমস্যা নিয়েই বর্তমান সরকারকে কাজ শুরু করতে হয়েছে। বিগত দুটি সরকার নতুন বিদ্যুৎ উৎপাদন দূরের কথা পুরোনো বিদ্যুৎকেন্দ্রগুলো মেরামত পর্যন্ত করেনি। ফলে প্রথম বছরেই ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করলেও সংকট মোকাবিলা করতে বর্তমান সরকারকে হিমশিম খেতে হচ্ছে। জনগণকে একটু ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার কাজ করছে। সাত বছরের সমস্যা দেড় বছরে সমাধান করা যায় না। তবু যতটা সম্ভব দ্রুততার সঙ্গে এ সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ সমস্যা সমাধান করে জনগণের আস্থা ও বিশ্বাসের মর্যাদা আমরা দেব। একইভাবে গ্যাসের সমস্যা সমাধানেও বেশ কিছু বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া হয়েছে।বিরোধী দলকে সরকারের উদ্যোগে বাধা না হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, হরতালের নামে মানুষকে পুড়িয়ে মারা কোনো গণতান্ত্রিক আন্দোলন হতে পারে না। এখন বিরোধী দল সরকারি কর্মকর্তাদের ফাইলে সই করতে বাধা দিচ্ছে। হুমকি দিচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা প্রসঙ্গ: প্রধানমন্ত্রী বলেন, কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে যেসব সহিংস ঘটনা ঘটছে, এর পেছনে আদর্শিক কিছু নেই। আর্থিক লেনদেনটা হচ্ছে বড়। কোনো নীতি-আদর্শ নেই। সরকার থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, এ সহিংসতায় জড়িত ব্যক্তিরা সরকারি দল বা ছাত্রলীগের যেই হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তাদের কোনোমতেই ছাড়া হবে না।সন্ত্রাসীদের দ্রুততম সময়ে জামিন পাওয়ার বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সন্ত্রাসী ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাদের গ্রেপ্তার করা হয়েছিল, তারা আজ জামিন নিয়ে আবার গোলমাল শুরু করেছে। এখন আমরা যাব কোথায়? তিনি বলেন, অপরাধী জামিন পেয়ে যদি পুলিশের নাগের ডগায় ঘুরে বেড়ায়, তখন সবাই হতাশ হয়ে যায়। এর পরও আমাদের দেশ চালাতে হবে, জানমালের নিরাপত্তা দিতে হবে। আবার সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। পুলিশকে দোষ দিয়ে লাভ নেই। নানা সীমাবদ্ধতার মধ্যে তারা কাজ করছে।প্রধানমন্ত্রী দৃঢ়কণ্ঠে বলেন, সন্ত্রাসী-জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে। কেউ তাদের মদদ দিলে গ্রহণযোগ্য হবে না। কাউকেই ছাড় দেওয়া হবে না। সে যত বড় শক্তিশালীই হোক।