অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি ক্ষমতার অপব্যবহার না করার আহ্বান জানিয়েছেন। মৌলভীবাজারে সাইফুর রহমান মিলনায়তনে গত বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, ‘ক্ষমতা মাথায় ঢুকে মাথা যেন গরম না হয়ে যায়। নিজেদের জনসেবায় নিয়োজিত করুন। তাহলেই বেশি দিন ক্ষমতায় থাকা যাবে।’জেলা আওয়ামী লীগের আয়োজনে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চিফ হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুস শহীদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ সৈয়দ মহসীন আলী ও মো. শাহাব উদ্দিন, সাবেক সাংসদ আজিজুর রহমান, হোছনে আরা ওয়াহিদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ।সভায় আওয়ামী লীগ, দলের সহযোগী সংগঠন, মহাজোটের শরিক দল ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা অর্থমন্ত্রীর কাছে বিভিন্ন আঞ্চলিক সমস্যা ও দাবি তুলে ধরেন।বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজ উদ্দিন বলেন, কুলাউড়া-শাহবাজপুর রেললাইন পুনরায় চালু করতে হবে। হাকালুকি হাওরের উন্নয়ন হচ্ছে না। রাজনগর উপজেলা চেয়ারম্যান মিছবাহুদ্দোজা ভেলাই বলেন, রাজনগরের ওপর দিয়ে গ্যাস লাইন গেছে, অথচ রাজনগরবাসী গ্যাস পায়নি। শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব বলেন, নির্বাচনের সময় চা-শ্রমিকদের অনেক কথা দেওয়া হয়েছে। এখন কাজ না করতে পেরে তাঁদের কথার জবাব দেওয়া যাচ্ছে না।মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুর রহমান, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলার ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, জেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান, গণতন্ত্রী পার্টির জেলা সভাপতি গজনফর আলী চৌধুরী, গণফোরাম নেতা বকসী ইকবাল আহমদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি শান্তিপদ ঘোষ প্রমুখ।