ক্ষমতা হস্তান্তর চুক্তি স্বাক্ষরে ইয়েমেনের প্রেসিডেন্ট সৌদিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ আজ বুধবার সৌদি আরবে গেছেন। ছয়টি আরব দেশের উদ্যোগে গঠিত গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) প্রস্তাবিত ক্ষমতা হস্তান্তর চুক্তি স্বাক্ষরে তিনি সে দেশে গেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ‘সৌদি বাদশার আমন্ত্রণে প্রজাতন্ত্রের (ইয়েমেন) প্রেসিডেন্ট গালফ রাষ্ট্রের উদ্যোগে ক্ষমতা হস্তান্তর চুক্তি স্বাক্ষরের জন্য নিরাপদে রিয়াদ বিমানবন্দরে পৌঁছেছেন।’ এদিকে ইয়েমেনের বিরোধী দলও গত সোমবার জানিয়েছে, দেশটিতে চলমান রাজনৈতিক সংকট সমাধানে তারা একটি চূড়ান্ত চুক্তিতে উপনীত হয়েছে। চুক্তির অধীনে প্রেসিডেন্ট সালেহ তাঁর উপপ্রধানের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। এর আগেও প্রেসিডেন্ট সালেহ এ চুক্তিতে স্বাক্ষর করার কথা জানিয়েছিলেন। তবে তিন দফায় চুক্তি স্বাক্ষর করা থেকে সরে আসেন তিনি। আরব বসন্তের অংশ হিসেবে গত কয়েক মাস ধরে ইয়েমেনেও সরকারবিরোধী বিক্ষোভ চলছে। প্রেসিডেন্ট সালেহ গত ৩৩ বছর ধরে দেশটি শাসন করছেন।