ক্ষমতা হস্তান্তরে আলোচনার প্রস্তাব গাদ্দাফির
লিবিয়ার বিদ্রোহীদের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য আলোচনার প্রস্তাব দিয়েছেন কর্নেল মুয়াম্মার গাদ্দাফি। তবে আত্মসমর্পণ না করলে গাদ্দাফির সঙ্গে কোনো ধরনের আলোচনায় না বসার কথা জানিয়ে দিয়েছে বিদ্রোহীরা। গাদ্দাফি ও তাঁর জ্যেষ্ঠ সহযোগীরা আত্মসমর্পণ করলে তাঁদের ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন বিদ্রোহীদের গঠিত ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) প্রধান মুস্তাফা আবদুল জলিল।বিদ্রোহীরা গতকাল রোববার বিন জাওয়াদ শহর দখলে নেওয়ার দাবি করেছে। গাদ্দাফির জন্মস্থান সার্তে শহরের কাছাকাছি পৌঁছে গেছে তারা। তবে রাজধানী ত্রিপোলি শান্ত হয়ে আসছে।গাদ্দাফির প্রস্তাব: গাদ্দাফির একজন মুখপাত্র গতকাল রোববার বার্তা সংস্থা এএফপিকে জানান, গাদ্দাফি ক্ষমতা হস্তান্তরের জন্য বিদ্রোহীদের সঙ্গে আলোচনা শুরু করতে প্রস্তুত। বিদ্রোহীরা এ প্রস্তাবে রাজি হলে এই আলোচনায় গাদ্দাফির পক্ষে নেতৃত্ব দেবেন তাঁর ছেলে সাদি গাদ্দাফি। সাদি কর্নেল গাদ্দাফির তৃতীয় ছেলে। লিবিয়ার বিশেষ বাহিনীর প্রধান তিনি। সাদির বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।এদিকে গাদ্দাফির মুখপাত্র মুসা ইব্রাহিম বার্তা সংস্থা এপিকে বলেন, বিদ্রোহীদের সঙ্গে অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন গাদ্দাফি। তিনি জোর দিয়ে বলেন, গাদ্দাফি এখনো ত্রিপোলিতেই আছেন।বিদ্রোহীদের ‘না’: গাদ্দাফির আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছে বিদ্রোহীরা। এনটিসির তেল ও অর্থসংক্রান্ত দায়িত্বে থাকা শীর্ষ কর্মকর্তা আলী তারহৌনি গতকাল বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আত্মসমর্পণ না করলে গাদ্দাফির সঙ্গে কোনো আলোচনা নয়। তবে তিনি আত্মসমর্পণ করলে আলোচনা হতে পারে।’ তারহৌনি বলেন, ‘আমরা অবশ্যই গাদ্দাফিকে আটক করব। তবে তিনি কোথায় আছেন, আমরা এখনো তা জানতে পারিনি।’ন্যায়বিচারের প্রতিশ্রুতি: এনটিসির প্রধান মুস্তাফা আবদুল জলিল বলেন, ‘আমরা গাদ্দাফি ও তাঁর ঘনিষ্ঠদের আত্মসমর্পণ করার আহ্বান জানাচ্ছি। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বেআইনি মৃত্যুদণ্ড এড়ানোর জন্যই আমাদের এই আহ্বান।’ তিনি আরও বলেন, আমরা তাঁদের ন্যায়বিচার নিশ্চিত করার নিশ্চয়তা দিচ্ছি। বেনগাজিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনটিসির প্রধান। এতে তিনি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর জন্য বিভিন্ন সংস্থার প্রতি আহ্বান জানান।আবদুল জলিল অভিযোগ করেন, ‘গাদ্দাফির অনুগত সেনারা অন্তর্ঘাতমূলক তৎপরতা চালিয়ে যাচ্ছে। এ কারণেই ত্রিপোলিতে পানি ও বিদ্যুতের সংকট দেখা দিয়েছে। আমরা এসব সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছি।’সার্তের কাছাকাছি বিদ্রোহীরা: বিদ্রোহীদের কমান্ডার মোহাম্মদ আল ফোর্টিয়া জানান, তাঁরা সার্তে শহরের পশ্চিম দিকে শহরটি থেকে ৩০ কিলোমিটার দূরে রয়েছেন। সার্তে থেকে ১০০ কিলোমিটার পূর্বে বিন জাওয়াদ শহরও দখল করে নেওয়া হয়েছে।গাদ্দাফির জন্মস্থান সার্তে। রাজধানী ত্রিপোলিতে তাঁর প্রধান আশ্রয়স্থল বাব আল-আজিজিয়া চত্বরের পতন হলেও সার্তে শহরের নিয়ন্ত্রণ এখনো ধরে রেখেছে গাদ্দাফির সেনারা। এ শহরে গাদ্দাফির অনেক উপজাতি সমর্থক আছে।লিবিয়ার তেলসমৃদ্ধ শহর রাস লানুফ হয়ে বিন জাওয়াদের দিকে এগিয়ে যায় বিদ্রোহীরা। তবে বিন জাওয়াদে প্রবেশের সময় গাদ্দাফির সেনাদের কঠোর প্রতিরোধের মুখে পড়ে। চার দিন লড়াইয়ের পর বিন জাওয়াদ দখলের দাবি করল বিদ্রোহীরা।বিদ্রোহীদের কমান্ডার ফোর্টিয়া জানান, সার্তের উপজাতি নেতাদের শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। তাঁরা এ ব্যাপারে উপজাতি নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।ত্রিপোলির পরিস্থিতি: ত্রিপোলির পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। তবে শনিবার রাতে বিভিন্ন স্থানে গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। দুই পক্ষের লড়াই নাকি বিদ্রোহীদের উল্লাসে এসব গুলি ও বিস্ফোরণের শব্দ, তা নিশ্চিত হওয়া যায়নি। ত্রিপোলিতে পানি, গ্যাস ও বিদ্যুতের সংকট প্রসঙ্গে এনটিসির মুখপাত্র মাহমুদ শাম্মাম বলেন, ত্রিপোলির বাসিন্দাদের মধ্যে ইতিমধ্যে ৩০ হাজার টন পেট্রল দেওয়া হয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রান্নার জন্য গ্যাস সরবরাহ করা হবে।লিবিয়ায় ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে গাদ্দাফিবিরোধী আন্দোলন শুরু হয়। এই আন্দোলন কঠোর হাতে দমন করতে থাকেন প্রায় ৪২ বছর ধরে লিবিয়া শাসনকারী গাদ্দাফি। একপর্যায়ে আন্দোলনকারীরা কোণঠাসাও হয়ে পড়ে। তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে লিবিয়ার ‘বেসামরিক জনগণকে রক্ষায়’ এগিয়ে আসে পশ্চিমা শক্তিগুলো। এর আওতায় সামরিক জোট ন্যাটো লিবিয়ায় গাদ্দাফি বাহিনীর ওপর বিমান হামলা শুরু করে। কোণঠাসা হতে থাকে গাদ্দাাফি বাহিনী। গাদ্দাফিবিরোধী বিদ্রোহীরা গত রোববার রাজধানী ত্রিপোলিতে ঢুকে পড়ে। সোমবার তারা গাদ্দাফির বাসভবন চত্বর দখল করে নেয়। তবে এখনো গাদ্দাফি ও তাঁর ঘনিষ্ঠদের সন্ধান পায়নি বিদ্রোহীরা। এএফপি, বিবিসি, রয়টার্স।