ক্ষমতা হারানোর ভয়ে সরকার দিশেহারা: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ক্ষমতা হারানোর ভয়ে বর্তমান সরকার এখন দিশেহারা হয়ে পড়েছে। সরকার এত অপকর্ম করেছে যে তারা এখন মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে। তারা জানে, জনগণ আর তাদের ভোট দেবে না, যে কারণে তাঁরা একদলীয় নির্বাচন করার জন্য পাঁয়তারা করছে। উত্তরাঞ্চল থেকে ঢাকা ফেরার পথে গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে জেলা বিএনপি আয়োজিত পথসভায় মির্জা ফখরুল এ কথা বলেন। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ বিএনপির ১৪৫ জন নেতা-কর্মী গুম হয়েছে অভিযোগ এনে মির্জা ফখরুল বলেন, হত্যা, গুম, হামলা ও মামলা করে কোনো লাভ হবে না। আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ, সাবেক সাংসদ এম আকবর আলী, বিএনপির কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম, খন্দকার সেলিম জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।