প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আপনার মেয়ে কানাডার নাগরিক হিসেবে পাসপোর্ট ব্যবহার করায় তাঁর বাসায় সে দেশের পুলিশ তল্লাশি করেছে। সে বাংলাদেশে পালিয়ে এসেছে। আপনি ক্ষমতা হারালে পালানোর জায়গা পাবেন না।’ তিনি বলেন, জিয়াউর রহমানকে যাঁরা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকার করেন না, তাঁরাই যুদ্ধাপরাধী। ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধী হিসেবে তাঁদের বিচার করা হবে। আজ শনিবার বিকেলে স্থানীয় নোমানী ময়দানে জেলা বিএনপি আয়োজিত কর্মিসভায় গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।কর্মিসভায় অতিথিরা মঞ্চে আসার পাঁচ মিনিটের মধ্যে বিকেল পৌনে পাঁচটার দিকে মঞ্চের পেছনের দিকে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে ‘নয়াদিগন্ত’ পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি মাসুম বিল্লাহ আহত হন। তাঁকে মাগুরা সদর হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত দলীয় নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কর্মিসভা যথারীতি চলতে থাকে। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সাবেক প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে পক্ষপাতদুষ্ট রায় দিয়েছেন। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেবে না। আওয়ামী লীগের নেতাদের ইঙ্গিত করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘জিয়াউর রহমান পাকিস্তানের রেশন খাননি। রেশন খেয়েছেন আপনারা। তিনি কোথাও পালিয়েও যাননি। এ দেশে থেকে মুক্তিযুদ্ধ করেছেন। তাই জিয়াউর রহমানকে যারা মুক্তিযোদ্ধা হিসেবে অস্বীকার করে, তারা যুদ্ধাপরাধী।’ সরকারের সমালোচনা করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তারা ইলিয়াস আলীকে গুম করেছে। সাগর-রুনি হত্যাকারীদের ধরতে পারেনি। জেলা বিএনপির সভাপতি কবীর মুরাদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, মসিউর রহমান, আলী আহমেদ প্রমুখ বক্তব্য দেন।