ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নাশিদ সংঘর্ষে আহত (ভিডিও)
মালদ্বীপে গতকাল বুধবার অসাংবিধানিক সরকার গঠনের প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকেলে সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের নেতৃত্বে ডেমোক্রেটিক পার্টির হাজার হাজার সমর্থক রাস্তায় নামে। এ সময় নাশিদের দল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) সমর্থকদের সঙ্গে পুলিশ ও সেনা সৈন্যদের সংঘর্ষ হয়। এতে মোহাম্মদ নাশিদ মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছেন দেশটির দৈনিক পত্রিকা মিনিভ্যানের অনলাইনের খবরে বলা হয়েছে।খবরে বলা হয়, মালদ্বীপের রিপাবলিক স্কয়ারে এই সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় পুলিশ নাশিদের সমর্থকদের লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছোড়ে। এ ঘটনায় মোহাম্মদ নাশিদ ছাড়াও অনেকেই আহত হয়েছেন। গতকাল থেকে পুলিশ হেফাজতে থাকার পর আজ মুক্তি পেয়েছেন মোহাম্মদ নাশিদ। মুক্তি পেয়েই প্রেসিডেন্টের পদ ফিরে পেতে ও নতুন দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ হাসানের পদত্যাগ দাবি করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবিতে সমর্থকদের নিয়ে রাস্তায় নামেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মিনিভ্যান জানায়, সংঘর্ষের সময় মোহাম্মদ নাশিদের বিপক্ষের সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুমের দলের সমর্থকেরা পুলিশ ও সেনা সৈন্যদের সঙ্গে যোগ দিয়ে এমডিপি সমর্থকদের ওপর হামলা শুরু করে। এ সময় এমডিপির সাবেক চেয়ারপারসন মারিয়া আহমেদ ডিডি ও চেয়ারপারসন রিকো মুসা মানিকও আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই সংঘর্ষের ঘটনায় আহত এক সাংবাদিক জানিয়েছেন, ‘সংঘর্ষে সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুমের কর্মকর্তারা নাশিদের সমর্থকদের বেদম লাঠিপেটা করে। তাদের হাত থেকে রাস্তায় থাকা বৃদ্ধ নারীরাও রক্ষা পায়নি। দেখে মনে হয়েছিল, আমরা এখনও বর্বর যুগে আছি।’এই সংঘর্ষের সময় একজন নারী নিহত হয়েছেন বলেও মিনিভ্যানের খবরে বলা হয়। এছাড়া বিক্ষোভ আদ্দু শহরসহ পুরো দেশে ছড়িয়ে পড়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন মুখপাত্র সংঘর্ষের সময় এমডিপি সমর্থকদের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। অনেকেই আটক হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। তবে এ পর্যন্ত কতজন আটক হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেন নি। এর আগে মালদ্বীপের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ বলেন, পুলিশ ও সেনা কর্মকর্তারা অভ্যুত্থানের মাধ্যমে অস্ত্রের মুখে তাঁকে পদত্যাগ করতে বাধ্য করেছেন। এই অভ্যুত্থানের ঘটনা ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ হাসান জানতেন এবং এতে তাঁর সায় ছিল। নিজের দলীয় সমর্থকদের নাশিদ এ কথা বলেছেন বলে বিবিসির খবরে জানানো হয়। তবে মোহাম্মদ ওয়াহিদ ওই অভিযোগ অস্বীকার করেছেন।গতকাল মঙ্গলবার পুলিশ কর্মকর্তাদের বিদ্রোহের মুখে পদত্যাগ করতে বাধ্য হন দেশটিতে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। গত ২৪ ঘণ্টা তিনি কাদের হেফাজতে ছিলেন, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা হচ্ছে না। তবে আজ সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, প্রেসিডেন্টের পদ ফিরে পেতে তিনি লড়াই চালিয়ে যাবেন। একই সঙ্গে তিনি নতুন দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ হাসানের পদত্যাগ দাবি করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান।কর্মী-সমর্থকদের সঙ্গে বৈঠকের পর নাশিদ সাংবাদিকদের বলেন, ‘হ্যাঁ, আমাকে অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করা হয়েছে। সবাই আমার দিকে অস্ত্র তাক করে ছিলেন। আমি পদত্যাগ না করলে তারা গুলি ছুড়তে একটু দ্বিধা করবেন না বলে হুঁশিয়ারি দিতে থাকেন।বার্তা সংস্থা এএফপির সঙ্গে টেলিফোনে আরেক সাক্ষাত্কারে নাশিদ বলেন, গতকাল তাঁকে সেনাবাহিনীর সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি পুলিশ ও সেনাবাহিনীর ১৮ জন মধ্যম সারির কর্মকর্তাকে পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করতে দেখেছেন।