ক্ষমতাবানদের বিচার হয় না: কামাল হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট আইনজীবী কামাল হোসেন বলেছেন, ‘আমাদের সমাজে গরিব মানুষ অপরাধ করলে তাঁকে শাস্তি দেওয়া হয়। অথচ ক্ষমতাবানদের বিচার হয় না। এসব বড় অপরাধী একে অন্যকে সহযোগিতা করে। তাদের ঐক্য আছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে এখন সত্ মানুষের ঐক্যের প্রয়োজন।’সাবেক আইন পরিষদ সদস্য খান বাহাদুর বদি আহমদ চৌধুরীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সভায় কামাল এসব কথা বলেন। খান বাহাদুর বদি আহমদ স্মৃতি সংসদ সভার আয়োজন করে।কামাল হোসেন বলেন, ‘খান বাহাদুর বদি আহমেদ ছিলেন একজন আদর্শ মানুষ। তিনি প্রকৃত অর্থে জনগণের প্রতিনিধিত্ব করেছিলেন। জীবনের ঝুঁকি নিয়ে মানুষের ন্যায্য অধিকার আদায় করেছিলেন। বর্তমান সংসদেও আমরা তাঁর মতো যোগ্য মানুষের প্রতিনিধিত্ব চাই। কালো টাকার প্রতিনিধিত্ব চাই না। ভালো মানুষকে নির্বাচিত হতে কোনো টাকা দিতে হয় না।’কামাল হোসেন সাম্প্রতিক শেয়ারবাজার কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দাবি করে বলেন, ৩০ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। অথচ এই টাকা দিয়ে দেশে হাসপাতাল, স্কুল, শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা যেত।বিশিষ্ট এই আইনজীবী তদন্ত কমিশনের চেয়ারম্যানকে বিতর্কিত করে তোলার সমালোচনা করে বলেন, ‘কারও চরিত্র হনন করে বেশি দূর এগোনো যাবে না। যুক্তি দিয়ে, তথ্য দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে। প্রকৃত অপরাধীদের শাস্তি দিতে হবে।’স্মৃতি সংসদের সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবীর চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ কফিল উদ্দিন, বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম, শিল্পপতি সুফী মিজানুর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ান।