ক্ষমতায় কে থাকবে, জনগণই ঠিক করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশে ক্ষমতার মালিক জনগণ। বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান সংবিধানে এটি উল্লেখ করে গেছেন। তাই আমরা যে জনগণের ক্ষমতায়নের কথা বলি, এটা নতুন কিছু না। এটা আমরা শিখেছি সংবিধান থেকে, জনগণের কাছ থেকে। কাজেই ক্ষমতায় কে থাকবে, এটা জনগণই ঠিক করবে।’আওয়ামী যুবলীগের ৪০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁর সরকারের লক্ষ্য, জনগণের ভাগ্যের পরিবর্তন করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া। আমরা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। বাংলাদেশ বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়াবে।’প্রধানমন্ত্রী বলেন, বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় থাকাকালে ছয় হাজারের মতো নির্বাচন হয়েছে। আগে নির্বাচন মানেই ছিল আতঙ্ক, ব্যালট বাক্স ছিনতাই, ভোটদানে বাধা দেওয়া ইত্যাদি। তিনি বলেন, ‘সবাই নিশ্চয় স্বীকার করবে, মহাজোট সরকারের অধীনে অনুষ্ঠিত সব নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়েছে।’ অনেক নির্বাচনে সরকারি দল আওয়ামী লীগের প্রার্থীরা পরাজিত হলেও জনগণের রায়কে মেনে নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কোনো ধরনের ক্ষমতার দাপট দেখানো হয়নি। মানুষ যাঁকে ভোট দিয়েছে, তিনিই নির্বাচিত হয়েছেন। সরকারের জবাবদিহি থাকবে জনগণের কাছে। সরকার জনগণের কাছে যেতে না পারলে ভোট পাবে না।দেশে ধনী ও দরিদ্রের ব্যবধান বাড়ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই ব্যবধান কমিয়ে আনতে সরকার কাজ করছে। সরকার দারিদ্র্যের হার কমিয়ে মানুষের জীবনের মৌলিক অধিকার নিশ্চিত করতে চায়। দেশে ধনী শ্রেণী তৈরির জন্য প্রধানমন্ত্রী সামরিক শাসকদের দায়ী করে বলেন, সামরিক শাসনামলে দেশে ঋণখেলাপি সংস্কৃতি গড়ে উঠেছে। নানা সুবিধা নিয়ে তাঁরা সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। আর এঁদের ওপর ভিত্তি করেই সামরিক শাসকেরা টিকেছিলেন।প্রধানমন্ত্রী দেশের সব অঞ্চলে সমান উন্নয়ন হচ্ছে বলে জানান। তিনি বলেন, উন্নয়নের ক্ষেত্রে সরকার কোনো বৈষম্য আনেনি। দেশের সব অঞ্চলে সমান উন্নয়ন হবে। ‘কেউ খাবে, কেউ খাবে না—তা হতে পারে না’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অবহেলিত জনগোষ্ঠীকে মূল স্রোতে এনে তারা যেন উন্নয়নের সুফল পায়, সরকার তা নিশ্চিত করছে। মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে যুবসমাজকে দূরে থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের যুবসমাজের মেধা দেশ, জাতি ও মানুষের কল্যাণে নিবেদিত হবে। তরুণ প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।