ক্ষমতায় থাকার মহাপরিকল্পনায় গুম ও মামলা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া অভিযোগ করেছেন, গুম, খুন ও বিরোধী দলের শীর্ষ নেতাদের নামে যে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, তা বর্তমান মহাজোট সরকারের ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় টিকে থাকার মহাপরিকল্পনারই অংশ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এসব কথা বলেন রফিকুল। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে সংগঠনটি।রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলকে গাড়ি ভাঙায় হুকুমের আসামি করে একের পর এক মামলায় জড়ানো হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর হুকুম তামিল করতে গিয়ে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা বিশ্বজিত্ দাসকে নির্মমভাবে হত্যা করল। তাহলে তিনিও তো হুকুমের আসামি হবেন। সময় হলে এ স্বরাষ্ট্রমন্ত্রীকেও বিশ্বজিত্ হত্যায় আসামি করা হবে।’বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য অভিযোগ করেন, পুঁজিবাজার থেকে ৮৬ হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। এ ছাড়া হল-মার্ক, পদ্মা সেতু, কুইক রেন্টাল পাওয়ার প্রজেক্ট ও ডেসটিনিতে দুর্নীতি ধরা পড়েছে। এসব দুর্নীতি ওই মহাপরিকল্পনার অংশ। চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের সভাপতিত্বে এ মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ-আল নোমান, সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতা এ জে এম জাহিদ হোসেন, আ ন হ আশফার হোসাইন প্রমুখ।