ক্ষমতার চেয়ে জাতীয় স্বার্থকে বড় মনে করি: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর দল কিছু বিদেশি কোম্পানির কাছে গ্যাস বিক্রি করতে চায়নি বলে ২০০১ সালের নির্বাচনে বেশি ভোট পেয়েও ক্ষমতায় যেতে পারেনি। তিনি বলেন, ‘ক্ষমতায় যাওয়ার চেয়ে জাতীয় স্বার্থকে আমি বড় মনে করি।’শেখ হাসিনা আরও বলেন, ‘বিদেশিদের সঙ্গে যেকোনো চুক্তিতে যাওয়ার আগে আমরা জাতীয় স্বার্থকেই অগ্রাধিকার দিয়ে থাকি।’আজ শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিনিয়োগ বোর্ডের প্রস্তাবিত ১৪ তলাবিশিষ্ট সদর দপ্তরের ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।শেখ হাসিনা বলেছেন, দেশে গ্যাসের উত্পাদন বাড়াতে সরকার বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানিকে (বাপেক্স) শক্তিশালী করার পাশাপাশি গ্যাস অনুসন্ধানের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। দেশে বিদ্যমান বিদ্যুত্ পরিস্থিতির জন্য বিএনপি-জামায়াত জোট সরকারকে দায়ী করে শেখ হাসিনা বলেন, ২০০১ সালপরবর্তী সরকার তাদের মেয়াদের পাঁচ বছরে জাতীয় গ্রিডে এক মেগাওয়াট বিদ্যুত্ও যোগ করতে পারেনি; বরং তারা দুর্নীতি ও অব্যবস্থাপনার মাধ্যমে এ খাতকে ধ্বংস করেছে।তিনি বলেন, এই সরকার ক্ষমতায় এসে এর মধ্যেই এক হাজার ৯২২ মেগাওয়াট বিদ্যুত্ জাতীয় গ্রিডে যুক্ত করেছে। বিদ্যুত্ খাতে উল্লে¬খযোগ্য অগ্রগতির কারণে লোডশেডিং কমেছে এবং সিস্টেম লস ১৫ শতাংশ থেকে ১২ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে।প্রধানমন্ত্রী বাংলাদেশের সাতটি বিভাগের সাতটি এলাকায় শিল্পাঞ্চল স্থাপনে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, বেসরকারীকরণের নামে বিএনপি-জামায়াত জোট সরকার যেসব কল-কারখানা বন্ধ করে দিয়েছিল, সেগুলো পুনরায় চালু করতে সরকার প্রচেষ্টা চালাচ্ছে। বাসস।