ক্ষমতার জন্য ক্ষুধার্ত, কিন্তু কোনো জনসমর্থন নেই
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৭ সালের মতো দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার সুযোগ তাঁর দল আর কোনো অপশক্তিকে দেবে না।তিনি তত্ত্বাবধায়ক সরকার-পদ্ধতির সমর্থকদের দেশে নিরবচ্ছিন্ন গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়ানোর পরিবর্তে রাজনীতিতে যোগ দিয়ে তাঁদের পক্ষে জনমত যাচাইয়ের আহ্বান জানিয়েছেন।কারও নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা ক্ষমতার জন্য ক্ষুধার্ত, কিন্তু তাদের কোনো জনসমর্থন নেই। তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য আমরা গণতান্ত্রিক পদ্ধতি ও গণতন্ত্রের চর্চা ধ্বংস করতে পারি না।’আজ শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দিনাজপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের উদ্দেশে দেওয়া ভাষণে আওয়ামী লীগের সভানেত্রী এসব কথা বলেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকারের অধীনে সব নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছে। কোনো নির্বাচনের বিরুদ্ধে অভিযোগ ওঠেনি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও সব নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।’ জনগণের সাংবিধানিক অধিকারের কথা উল্লে¬খ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার নির্বাচন কমিশনকে শক্তিশালী করেছে।শেখ হাসিনা ২০০৮ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীদের সর্বাত্মক সমর্থন দেওয়ায় দিনাজপুরের জনগণকে ধন্যবাদ জানান। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ও লাখো শহীদের স্বপ্ন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনের পর আওয়ামী লীগ এখন জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে যাচ্ছে।শেখ হাসিনা বলেন, ‘আমরা এমন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গঠন করতে চাই, যেখানে সব ধর্মের মানুষ শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করতে পারবে এবং সবাই স্বাধীনভাবে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারবে। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা।’তাঁর সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের প্রসঙ্গ উল্লে¬খ করে তিনি বলেন, ‘১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত এবং ২০০৯ থেকে পরবর্তী তিন বছর আওয়ামী লীগ দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে গেছে। অথচ বিএনপির শাসনামলে দেশকে পেছনের দিকে ঠেলে দেওয়া হয়েছিল।’ বিএনপির শাসনামলে দেশের সব সূচক নিম্নগামী ছিল উল্লে¬খ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির নীতি হচ্ছে বিদেশিদের কাছে ভিক্ষা চাওয়া, কিন্তু আমাদের নীতি হচ্ছে বিশ্বসম্প্রদায়ের কাছে মাথা উঁচু করে দাঁড়ানো।’শেখ হাসিনা বলেন, ‘গ্রামীণ জনগণ যাতে তাদের জীবিকা খুঁজে পায় এবং আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে, সে লক্ষ্যে আমাদের সরকার কষ্টার্জিত স্বাধীনতার সুফল প্রত্যেকের ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ তিনি বলেন, তাঁর দল পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে চায়। এ লক্ষ্যে সরকার প্রতিটি বিভাগে একটি করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে।এ সময় অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সতীশ চন্দ্র রায়, আবদুল লতিফ সিদ্দিকী, দলের সাধারণ সম্পাদক স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক উপস্থিত ছিলেন।