ক্ষমতার বিকেন্দ্রীকরণ চায় দ. এশিয়ার মানুষ: কুলদীপ নায়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সাংবাদিক ও বুদ্ধিজীবী কুলদীপ নায়ার বলেছেন, দক্ষিণ এশিয়ার অগণিত মানুষ ক্ষমতার বিকেন্দ্রীকরণ চায়। এদের সম্পৃক্ত করেই বিকেন্দ্রীকরণের পথে এগিয়ে যেতে হবে। কারণ বিকেন্দ্রীকরণের মূল লক্ষ্য হচ্ছে ন্যায্যতা ও সমতা।আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাবেক বিচারপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে ‘কার্যকরী উন্নয়ন: বিকেন্দ্রীকরণ ও দক্ষিণ এশিয়ার স্থানীয় সরকার’ শীর্ষক এক আলোচনা সভায় কুলদীপ নায়ার এসব কথা বলেন।সভায় কুলদীপ নায়ার দক্ষিণ এশিয়ার সব দেশেই শক্তিশালী স্থানীয় সরকারব্যবস্থার পক্ষে মত দেন। তাঁর মতে, স্থানীয় সরকার যত শক্তিশালী হবে, গণতন্ত্র ততই শক্তিশালী হবে।মূল প্রবন্ধে আখতার হোসেন বলেন, সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে হলে সরকারকে প্রশাসন, রাজনীতি ও বাজারের মধ্যে একটি সমন্বিত বিকেন্দ্রীকরণ নীতিমালা প্রণয়ন করতে হবে। এ ছাড়া কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকারের মধ্যকার সুনির্দিষ্ট কার্যাবলি ও সুস্পষ্ট বিধিবিধান উভয় সরকারেরই উত্পাদনশীলতা ও দক্ষতা এবং ব্যয়সাশ্রয় নিশ্চিত করবে এবং এর ফলে সার্বিক শাসনব্যবস্থার উন্নয়ন ঘটবে।স্থানীয় সরকারব্যবস্থায় সাংসদদের অনধিকার চর্চার সমালোচনা করে ভূমি-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এ কে এম মোজাম্মেল হক বলেন, ‘আমাদের সংবিধান ইউনিয়ন, উপজেলা এমনকি জেলা পর্যায়ের স্বয়ংসম্পূর্ণ স্থানীয় সরকারব্যবস্থাকেও সমর্থন করে। কিন্তু এর বাস্তবায়ন নেই।মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, স্থানীয় সরকারব্যবস্থায় বিকেন্দ্রীকরণের পাশাপাশি প্রশাসনকে আরও গণমুখী ও কল্যাণকর করতে হবে।বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসীন আলী বলেন, কার্যকরী উন্নয়ন দক্ষিণ এশিয়া সোশ্যাল ফোরামের অন্যতম মূল লক্ষ্য। ক্ষমতার বিকেন্দ্রীকরণ শুধু স্থানীয় সরকারব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ রাখলেই চলবে না, একে তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে হবে।সমাপনী বক্তব্যে বিচারপতি গোলাম রাব্বানী ঔপনিবেশিক সরকারব্যবস্থার কাঠামো থেকে বেরিয়ে এসে দেশের সংবিধানের আলোকে উন্নয়নধর্মী সরকারব্যবস্থা প্রণয়নের ওপর জোর দেন।আলোচনায় সভায় আরও অংশ নেন ভারতের কৌস্তাভ কান্তি বন্দ্যোপাধ্যায়, সাংসদ আসফিয়া আশরাফি পাপিয়া, শামীম আল রাজি, রোকেয়া বেগম, লিয়াকত আলী শাহ, গুলনাহার নাজনীন প্রমুখ।