ক্ষমতাসীন জোট ছাড়ার মুখে মমতা
ভারতে রাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) শরিক দলগুলোর মধ্যে টানাপোড়েন এখন চরমে। পরিস্থিতি এতটাই নাটকীয় মোড় নিয়েছে যে আজ শুক্রবার ইউপিএর সভায় যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অন্যতম শরিক দল তৃণমূল কংগ্রেসের আলোচিত নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা হচ্ছে, জোট থেকে বের হয়ে যাওয়ার দ্বারপ্রান্তে চলে এসেছে মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস।টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, জোটের মধ্যে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী নির্বাচন নিয়ে নাছোড় অবস্থান যেকোনো মুহূর্তে মমতাকে জোট থেকে বের করে আনতে পারে। মমতা জোট থেকে বের হয়ে গেলে সমাজবাদী পার্টির মুলায়ম সিংকেও তাঁর অবস্থান নিয়ে ভাবতে হবে।ক্ষমতাসীন জোট আজ শুক্রবার রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে প্রণব মুখার্জির নাম ঘোষণা করতে পারে। এর আগে গতকাল বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার কঠোর সমালোচনা করে কংগ্রেস। ‘বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যায়িত করে তাঁর বিরুদ্ধে আন্দোলনেরও ডাক দেয় দলটি।জোট থেকে বের হওয়া প্রসঙ্গে মমতা বলেন, তাঁর পছন্দে অবিচল থাকবেন তিনি। এ জন্য যেকোনো পরিণতির জন্য তিনি প্রস্তুত। এমনকি জোট ছাড়াতেও রাজি। আজ সন্ধ্যায় অনুষ্ঠেয় ইউপিএর সভায় যাবেন না বলেও জানিয়ে দিয়েছেন মমতা।মমতার অবস্থান অনড় হলেও মুলায়ম সিংকে কিছুটা নরম করতে পেরেছে কংগ্রেস। তাই মমতা জোট ছাড়ার জন্য প্রস্তুত হলেও মুলাময় সিং এখনো ইতস্তত করছেন।গত বুধবার নয়াদিল্লিতে কংগ্রেসের নেত্রী সোনিয়া ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার মধ্যে বৈঠককালে কংগ্রেসের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে দুজনের নাম প্রস্তাব করা হয়। কিন্তু কংগ্রেসের শরিক হয়েও মমতা সোনিয়ার প্রস্তাবিত নাম প্রত্যাখ্যান করে নতুন তিনজনের নাম প্রস্তাব করেন। গতকাল বৃহস্পতিবার সোনিয়ার বাসভবনে কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতাদের এক বৈঠক শেষে দলের মুখপাত্র জনার্দন ত্রিবেদি জানিয়ে দেন, কংগ্রেসও মমতার প্রস্তাবিত তিনটি নামই খারিজ করে দিয়েছে। মমতার ভূমিকায় ভীষণ ক্ষুব্ধ কংগ্রেস। দুই দলের প্রার্থী নিয়ে এই টানাপোড়েনে সমাজবাদী দলের মুলায়ম সিংকে পাশে পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।ভারতে আগামী ১৯ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন হবে। ২৪ জুলাই দেশটির ১২তম রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের মেয়াদ শেষ হচ্ছে।রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে কংগ্রেসের প্রথম পছন্দ প্রণব মুখার্জি। এরপর বর্তমান উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। গত বুধবার সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের পর নয়াদিল্লিতে মুলায়ম সিংয়ের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম, প্রধানমন্ত্রী মনমোহন সিং ও সাবেক স্পিকার বামপন্থী নেতা সোমনাথ চ্যাটার্জির নাম প্রস্তাব করেন মমতা।রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের মনোনীত প্রার্থীর পক্ষে ডিএমকে, আরজেডি, এনসিপি ও আরএলডির সমর্থন ইতিমধ্যে নিশ্চিত করেছে কংগ্রেস। তৃণমূল ও সমাজবাদী পার্টির সমর্থন পাওয়ারও প্রত্যাশা ছিল দলটির। এখন এই দুটি দলের সমর্থন না পেলে রাষ্ট্রপতি নির্বাচনে হারের শঙ্কা রয়েছে দলটির।কিছু বিশ্লেষকের মতে, মমতা গেলেও ক্ষমতাসীন জোটের তেমন ক্ষতি হবে না, যদি তারা সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি ও বামদের সামলাতে পারে। তবে এ ক্ষেত্রে মুলায়ম সিংকে বাগে রাখা একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে।