ভোলা-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সারা দেশ থেকে ক্ষমতাসীন দলের ‘সন্ত্রাসী’রা ভোলায় জড়ো হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। ভোটকেন্দ্র দখল ও বিএনপি-সমর্থক ভোটারদের ভয় দেখিয়ে ভোটকেন্দ্রে আসতে বাধা দেওয়াই এর উদ্দেশ্য বলে দাবি করেছে দলটি।আজ শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী এসব অভিযোগ করেন। তিনি বলেন, বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহম্মেদ আশঙ্কা করছেন উপনির্বাচনটি সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। রুহুল কবির অভিযোগ করেন, বিএনপি বারবার নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসছে। সুষ্ঠু নির্বাচনের জন্য এর দরকার আছে। তিনি বলেন, ভোলা-৩ আসনের ৪৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ। এসব ভোটকেন্দ্র দখল করা হতে পারে।বিএনপির নেতা অভিযোগ করেন, ঢাকাসহ সারা দেশ থেকে ‘খুনি-সন্ত্রাসী’রা আওয়ামী লীগ প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ভোলায় যাচ্ছে। এরা সংখ্যায় অনেক। তবে এসব সন্ত্রাসীদের মধ্যে কারও নাম জানাতে পারেনি দলটি। তিনি বলেন, ‘ভোলায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় সেখানে সুষ্ঠু নির্বাচন হবে কি না তা নিয়ে সংশয় আছে।’রুহুল কবির অভিযোগ করেন, আওয়ামী লীগ প্রার্থী ও তাঁর সমর্থকেরা একের পর এক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেন। তাঁরা বিএনপির কর্মিসভার সামনে দাঁড়িয়ে হাফিজউদ্দিনের নামে কটূক্তি করে স্লোগান দিয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগ প্রার্থী শোডাউন করছেন, অতিরিক্ত মাইক নিয়ে প্রচারণা চালাচ্ছেন। বড় বড় নৌকা প্রতীক টাঙাচ্ছেন ও রঙিন পোস্টার লাগাচ্ছেন তাঁরা। এসব বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা হয়েছে জানিয়ে রুহুল কবির বলেন, ‘কিন্তু আমরা তো কোনো প্রতিকার পাইনি।’সংবাদ সম্মেলনে বিএনপির সহদপ্তর সম্পাদক আরসাদুল করিম ও আবদুল লতিফ উপস্থিত ছিলেন।