আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ক্ষমতাসীন সরকারের অধীনেই জাতীয় নির্বাচন হবে। এর বাইরে কিছু নেই। তত্ত্বাবধায়ক বা অন্তবর্তীকালীন যা-ই বলা হোক, ওই সরকারের দায়িত্ব পালন করবে ক্ষমতাসীন দল। আর নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।আজ সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক আয়োজিত এক আলোচনা সভায় তোফায়েল আহমেদ এসব কথা বলেন। কৃষি ব্যাংক ভবনের মিলনায়তনে ওই আলোচনার আয়োজন করা হয়।তোফায়েল আহমেদ অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে বিরোধী দল রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই। শুরুতে বিশেষ পরিস্থিতিতে এ সরকার-ব্যবস্থা দরকার হয়েছিল। এখন আর তত্ত্বাবধায়ক সরকারের দরকার নেই।আওয়ামী লীগের প্রবীণ এই নেতা আরও অভিযোগ করেন, ১৫ আগস্টের অপূর্ণ কামনা পূর্ণ করতেই স্বাধীনতাবিরোধীরা ২১ আগস্টের গ্রেনেড হামলা চালিয়েছে। ওই হামলার বিচার হবে বলেও তিনি মন্তব্য করেন।কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নূহ-উল আলম প্রমুখ আলোচনায় অংশ নেন।