চট্টগ্রাম বন্দরের কাজে আবার ফিরে আসার চেষ্টা করছেন প্রায় সাত হাজার ৫০০ ‘কোস্টার হ্যাজ’ শ্রমিক। এসব শ্রমিক চার ভাগে ভাগ হয়ে ক্ষমতাসীন দলের প্রভাবশালীদের আশ্রয় নিয়ে এই চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের মধ্যে এক পক্ষ চট্টগ্রাম চেম্বারের সভাপতি ও আওয়ামী লীগ দলীয় সাংসদ এম এ লতিফ এবং অন্য পক্ষ চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর আশ্রয়ে আছে। এ ছাড়া নৌপরিবহনমন্ত্রীর সমর্থনপুষ্ট কয়েকজন নেতার আশ্রয়ে এক পক্ষ এবং কিশোরগঞ্জের বাসিন্দা নামে আরেকটি পক্ষ রয়েছে।বন্দর সূত্র জানায়, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে চট্টগ্রাম বন্দরের সংস্কার কার্যক্রম চলাকালে কোস্টার হ্যাজ নামে পরিচিত শ্রমিকদের কাজ বিলুপ্ত করা হয়। তিন বছর ধরে এসব শ্রমিক ছাড়াই বন্দরের কাজ চলছে। কোস্টার হ্যাজ শ্রমিকেরা চাল, ডাল, গম, চিনিজাতীয় খাদ্যশস্য এবং সিমেন্ট ক্লিংকার, সার ইত্যাদি বহির্নোঙরে অপেক্ষমাণ বড় জাহাজ (মাদার ভ্যাসেল) থেকে খালাসের কাজ করতেন। এ জন্য পণ্যের আমদানিকারকদের টনপ্রতি বাড়তি ১০ টাকা হারে হ্যাজ শ্রমিকদের দিতে হতো।কিন্তু প্রযুক্তির উন্নয়নে এখন খাদ্যশস্য খালাসে গ্র্যাভ জাতীয় ক্রেন ব্যবহূত হয়। কোস্টার হ্যাজ শ্রমিকদের বাদ দিয়ে ডক শ্রমিক দিয়ে এই কাজ করানোয় আমদানিকারকদের এ খাতে টনপ্রতি ব্যয় ১০ টাকা থেকে কমে এক টাকায় এসেছে। ২০০৭ সালের শুরুতে বন্দরের ব্যাপক সংস্কারের পর থেকে গ্র্যাভের সহায়তায় ডক শ্রমিকেরা এই কাজ করছেন। জানা গেছে, ওই সময় যৌথ বাহিনী ঠিকাদার শ্রমিক ইউনিয়ন নামে সংগঠনটি বিলুপ্ত করে। এ সময় ইউনিয়নের কার্ডধারী শ্রমিকসংখ্যা ছিল প্রায় সাড়ে সাত হাজার। তাঁদের দেনা-পাওনা বুঝিয়ে দিতে যৌথ বাহিনী আমদানিকারকদের কাছ থেকে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা আদায় করে। এ সময় ইউনিয়নের ব্যাংক হিসাবে ছিল দুই কোটি ২০ লাখ টাকা। যৌথ বাহিনী শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়ার পরও প্রায় ৭৯ লাখ টাকা ছিল। এই টাকা ইউনিয়নের ব্যাংক হিসাবে জমা আছে। আরও ৭০ লাখ টাকা তাঁদের হিসাবে জমা হওয়ার কথা। এই বিপুল অঙ্কের টাকা ভাগ-ভাটোয়ারার উদ্দেশ্যে কোস্টার হ্যাজ শ্রমিকদের সংগঠনের কার্যক্রম আবার শুরুর জন্য বিভিন্ন মহল তত্পরতা শুরু করে।শ্রমিকদের দাবি, তাঁরা আদালতের মাধ্যমে বিলুপ্ত ঘোষিত কোস্টার হ্যাজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন পুনরুজ্জীবিত করেন। সাবেক মেয়র মহিউদ্দিনের সমর্থক বলে পরিচিত একটি পক্ষ গত বছর ২১ জুন একটি নির্বাচন করে ২৫ সদস্যের একটি কমিটি করে। এই কমিটিতে আলমগীর হোসেন সভাপতি এবং মহিউদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অভিযোগ পাওয়া গেছে, আলমগীর-মহিউদ্দিন পক্ষ এক হাজার ৩০ জন শ্রমিকের তালিকা করে তাঁদের নিয়োগ পাইয়ে দিতে নানা চেষ্টা-তদবির চালাচ্ছে। তারা মহিউদ্দিনের চশমা হিলের বাসায় একাধিক বৈঠকও করে। পরে এ পক্ষের সঙ্গে সম্পৃক্ত হন পাঠানটুলীর আওয়ামী লীগ দলীয় কাউন্সিলর নজরুল ইসলাম। শ্রমিকেরা কাউন্সিলরের বাসায় গিয়ে রোজার আগে বৈঠকে বসেন। বৈঠকের কথা স্বীকার করে নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কোন প্রক্রিয়ায় কাজ দেওয়া যায় তার একটি উপায় বের করতে শ্রমিকেরা রোজার আগে আমার বাসায় বৈঠক করেন। বৈঠকে বন্দরের শ্রমিকনেতা মহিউদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত মাহফুজুর রহমান ও গোলাম মোহাম্মদ ছিলেন।’জানা গেছে, একটি পক্ষ মহিউদ্দিনের আশ্রয় নেওয়ায় আরেক পক্ষ সাংসদ লতিফের আশ্রয়ে যায়। শ্রমিকদের এই দলে নেতৃত্ব দিচ্ছেন জেবল হোসেন, মতিন মাস্টারসহ কয়েকজন। তাঁরা গত বৃহস্পতিবার এবং আগের দিন বুধবার চেম্বারে গিয়ে সাংসদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে চেম্বারের মধ্যস্থতায় বন্দরের লাইটার ঠিকাদারদের ডেকে কোস্টার হ্যাজ নেতাদের কাজ দেওয়ার সিদ্ধান্ত হয়। গত বৃহস্পতিবার বৈঠক শেষে ওমরা পালনের জন্য লতিফ সৌদি আরব গেছেন।চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতির সভাপতি শফিক আহমদ প্রথম আলোকে বলেন, ‘যেখানে ৩০০ শ্রমিক দরকার, সেখানে এখন দুই-আড়াই হাজার শ্রমিক কাজ চাইছেন। এ ছাড়া তাঁরা চার ভাগ হয়ে আছেন। আমরা এক পক্ষের সঙ্গে চুক্তি করলে অন্যান্য পক্ষ কর্মস্থলে গিয়ে রক্তারক্তি করবে। তাই সব পক্ষ এক না হওয়া পর্যন্ত আমরা কোনো পক্ষের সঙ্গে চুক্তি করব না বলে সাংসদ ও সাবেক মেয়রকে জানিয়ে দিয়েছি।’ তিনি বলেন, গ্র্যাভ চালু হওয়ায় এখন কোস্টার হ্যাজ শ্রমিক অপ্রয়োজনীয়।কোস্টার হ্যাজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেন বলেন, ‘আমরাই বৈধ কমিটি। চুক্তি করতে হলে আমাদের সঙ্গে করতে হবে। রক্তারক্তি হলে তার দায়দায়িত্ব চেম্বারকে নিতে হবে।’জানা গেছে, এই দুই গ্রুপ ছাড়াও কোস্টার হ্যাজ শ্রমিকদের আরও দুটি পক্ষ আছে। তাদের একটি নৌমন্ত্রী শাজাহান খানের সঙ্গে যোগাযোগ করে কাজ ফিরে পাওয়ার চেষ্টা করছে। অন্য পক্ষ কিশোরগঞ্জ গ্রুপ নামে পরিচিত। তারা দীর্ঘকাল চট্টগ্রামে অবস্থান করে বন্দরের কাজের সঙ্গে সম্পৃক্ত। এ পক্ষ রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে যোগাযোগ করে হারানো কাজ ফিরে পাওয়ার চেষ্টা করছে। বন্দর সূত্র জানায়, বন্দর দিয়ে বছরে প্রায় ৮০ লাখ টন খাদ্যদ্রব্য, সার, সিমেন্ট জাতীয় পণ্যসামগ্রী আমদানি করা হয়। এর বেশির ভাগই বহির্নোঙরের জাহাজ থেকে খালাস করা হয়। এখন কোস্টার হ্যাজ শ্রমিক নিয়োগ দিলে এ ধরনের পণ্য খালাসে ব্যয় টনপ্রতি পাঁচ টাকা বেড়ে যাবে। এই বাড়তি ব্যয় গিয়ে পড়বে সাধারণ ভোক্তাদের কাঁধে।