ক্ষমতাসীনদের দখলে ব্রহ্মপুত্র, অবাধে চলছে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় ও সহযোগী সংগঠনের নেতারা। ময়মনসিংহ শহরের ওপর ব্রহ্মপুত্র নদের যে দেড় কিলোমিটার জায়গা রয়েছে, সেখানে ছয়টি ড্রেজার দিয়ে সারা দিন বালু তোলা হচ্ছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার নদী বাঁচাতে বালু উত্তোলন না করার ঘোষণা দিলেও এ নির্দেশ মাঠপর্যায়ে তাঁর দলের লোকজনই মানছেন না। আবার ভূমি মন্ত্রণালয় এ বছরের গোড়ার দিকে নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন নিষিদ্ধ করলেও বাস্তবে এর কোনো প্রতিফলন নেই।ব্রহ্মপুত্রের ঘাট ও এর বালুমহালগুলো আইনগতভাবে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীনে থাকার কথা থাকলেও আইনি জটিলতাসহ নানা কারণে এতে কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি তারা। ২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ত বালু তোলা নিয়ন্ত্রণ করতেন বিএনপির নেতা ফজলুর রহমান। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর নিয়ন্ত্রণে নিয়েছেন ময়মনসিংহ সদরের ৯ নম্বর ওয়ার্ডের কৃষক লীগের সভাপতি লাল মিয়া আকন্দ, শ্রমিক লীগের সভাপতি আবদুল মোতালেব, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জুলহাস উদ্দীন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চর ঈশ্বরদিয়ার ইউপি চেয়ারম্যান এমদাদুল হক মণ্ডল, জেলা যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক জামাল উদ্দীনসহ আরও বেশ কয়েকজন স্থানীয় নেতা।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সদরসংলগ্ন ১৫৩ একর জায়গার ওপর বালু উত্তোলন করে অনেকের পকেট ভারী হলেও সরকারের কোষাগারে একটি টাকাও জমা হচ্ছে না। যাঁরা বালু তুলছেন, তাঁরা সরকারের কাছ থেকে ইজারা নেওয়ার প্রয়োজনই বোধ করেননি। এ ছাড়া বালু উত্তোলনের জন্য যেসব নিয়মকানুন মানা প্রয়োজন, তাও মানা হচ্ছে না। নদীতে ডুব দিয়ে বালতিতে করে বালু তোলার পদ্ধতিকে স্বীকৃতি দেওয়া হলেও সারা দিন ব্রহ্মপুত্রে ড্রেজার চলছে।ড্রেজার দিয়ে বালু উত্তোলন করলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, নদীর গতি পরিবর্তিত হয় এবং নদীর দুই পাড় ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো দুর্বল বা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় এ বছরের গোড়ার দিকে ভূমি মন্ত্রণালয় ড্রেজার দিয়ে বালু উত্তোলন নিষিদ্ধ করেছে। কিন্তু যাঁরা বালু উত্তোলন করছেন, তাঁরা এ সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করেছেন।ব্রহ্মপুত্র নদে প্রথম ড্রেজার এনেছিলেন ফরিদ শেখ। তিনি জানান, যাঁদের নিয়ন্ত্রণে ঘাট রয়েছে, তাঁরা বালু তোলার চাহিদা দেন এবং টাকার বিনিময়ে বালু কিনে নেন। পরে ট্রাকে করে দেশের সর্বত্র এই বালু সরবরাহ করা হয়। বর্ষা মৌসুমে বালু তোলা যায় না বলেই এখন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ড্রেজার চালিয়ে বালু তোলা হচ্ছে এবং ট্রাকে করে তা সারা দেশে সরবরাহ করা হচ্ছে।স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের নেত্রকোনা জেলার একজন গাড়িচালক এই ফরিদ শেখ। প্রতিবছরই পুরোনো ড্রেজার বিক্রি করে উচ্চক্ষমতাসম্পন্ন ড্রেজার কেনেন। তবে সরকারি চাকরি করার কারণে তাঁর সহযোগী মোহাম্মদ বকুলের নাম ব্যবহার করছেন তিনি।প্রতিদিনই শুধু শহরসংলগ্ন চর ঈশ্বরদিয়া এলাকা থেকে গড়ে ৬০ থেকে ৮০ হাজার ফুট বালু তোলা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ব্রহ্মপুত্র নদের যেসব পয়েন্টে বালু তোলা হচ্ছে, তার প্রতিটিই বিভিন্ন কারণে স্পর্শকাতর। শহরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাছেই একটি, বাংলাদেশ-চীন মৈত্রী সড়ক ও রেলওয়ে সেতুর মধ্যবর্তী ৫০০ গজের মধ্যে দুটি, সড়ক সেতুর উত্তর পাশে দুটি এবং বিদ্যুৎ স্টেশনের কাছে আরও একটি ড্রেজার বালু উত্তোলনের কাজ করছে।খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিবছরই জেলা প্রশাসনের তরফ থেকে জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০ অনুসারে প্রাকৃতিকভাবে সৃষ্ট বালুমহাল এক বছরের জন্য ইজারা দেওয়া হয়। আওয়ামী লীগ সরকার গত দফায় বালুমহাল ইজারা দেওয়ার বিষয়টি খনিজ সম্পদ মন্ত্রণালয়ে ন্যস্ত করার সিদ্ধান্ত নিয়েছিল। পরবর্তী সময়ে ২০০২ সালে বিএনপি সরকার নামমাত্র মূল্যে দলীয় নেতা ফজলুর রহমানসহ দলীয় কয়েকজনকে বালু উত্তোলনের অনুমতি দেয়। তাঁরা ১৫৩ একর আয়তনের বালুমহালটি দেড় লক্ষাধিক টাকায় তিন বছরের জন্য ইজারা নেন। পরে ভূমি মন্ত্রণালয়ের আপত্তির মুখে খনিজ সম্পদ মন্ত্রণালয় আর অনুমোদন না দেওয়ায় ফজলুর রহমান খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিরুদ্ধে রিট করলে হাইকোর্ট স্থগিতাদেশ দেন। এর পর থেকে তাঁরা আবার বালু তুলতে শুরু করেন।সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ড্রেজার একজন স্থানীয় আওয়ামী লীগ নেতার কাছে বিক্রি করে এবং নদের একটি অংশ সাব-কন্ট্রাক্ট দিয়ে এ ব্যবসা থেকে বেরিয়ে আসেন বলে ফজলুর রহমান প্রথম আলোকে জানান। বালুমহাল সাব-কন্ট্রাক্ট দেওয়া যাবে না—নীতিমালায় পরিষ্কারভাবে এ কথা উল্লেখ থাকলেও কী করে সরকারি সম্পত্তি সাব-কন্ট্রাক্ট দেন—এমন প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি।অতিরিক্ত জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ জানান, গত মাসেই আদালতের রায় পক্ষে যাওয়ায় তাঁরা ময়মনসিংহ শহরসংলগ্ন চর ঈশ্বরদিয়া বালুমহালসহ মোট আটটি মহাল ইজারা দেওয়ার জন্য দরপত্র আহ্বান করেন। শিডিউল বিক্রির একপর্যায়ে হাইকোর্ট এই দরপত্র-প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দেন। লাল মিয়া আকন্দের করা একটি রিটের পরিপ্রেক্ষিতে বালুমহাল দরপত্রের যে নীতিমালা, তার আলোকে আইনানুগ কার্যক্রম গ্রহণের ব্যাপারে সরকারের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কারণে তাঁরা কোনো পদক্ষেপ নিতে পারছেন না বলে জানান। লাল মিয়া আকন্দের বাড়িতে গিয়ে এবং মুঠোফোনে একাধিক নম্বরে যোগাযোগের চেষ্টা করেও তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর ব্যবসায়িক কর্মকাণ্ডের সহযোগী এরশাদুজ্জামান জানান, ভূমি মন্ত্রণালয়ের সহকারী সচিব বরাবর তিনি বালুমহালের ইজারার বন্দোবস্ত চেয়ে একটি আবেদন করেছিলেন। পরে ভূমি মন্ত্রণালয় থেকে বিষয়টি সম্পর্কে জেলা প্রশাসনকে প্রতিবেদন পেশ করার নির্দেশ দেওয়া হয়। সেটি না করেই দরপত্র ডাকায় তিনি আদালতের দ্বারস্থ হন। কিন্তু কার অনুমতি নিয়ে তিনি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করাচ্ছেন—এমন প্রশ্নে তিনি বলেন, আদালত যেহেতু দরপত্র-প্রক্রিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন তাঁরই করা রিটের ওপর, কাজেই এখন তাঁরাই বৈধ।অন্যান্য যাঁরা বালু উত্তোলন করছেন, তাঁদের মধ্যে আওয়ামী লীগ নেতা জুলহাস উদ্দীনের এ প্রক্রিয়ার সঙ্গে সম্পর্ক নেই এমন দাবি করলেও পরে তিনি জানান, বিএনপির নেতা ফজলুর রহমানের ব্যবসা এখন তিনিই দেখভাল করছেন। এ ছাড়া তাঁর আর তেমন কোনো সংশ্লিষ্টতা নেই।ময়মনসিংহ শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর একেবারে কাছ থেকে বালু উত্তোলন করছেন রোজ-আজাদ এন্টারপ্রাইজের জামালউদ্দীন, যিনি জেলা যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক। প্রথম আলোকে তিনি বলেন, সেতু থেকে দূরত্ব রেখেই সাব-কন্ট্রাক্ট নিয়ে তিনি বালু উত্তোলন করাচ্ছেন। আনু মোড়ল নামে পরিচিত সদর উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আনোয়ারুল কাদির দাবি করেন, ব্রিজের কাছ থেকে বালু তুললেও কয়েক দিন পর আবারও তা ভরে যাবে। এতে ক্ষতির কিছু নেই।তবে সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী খায়রুল ইসলাম সেতুর কাছ থেকে বালু উত্তোলন করায় সেতুর ব্যাপক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন। পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী লিয়াকত হোসেন বলেন, নদ থেকে অবাধে বালু তোলা হলে বেড়িবাঁধের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।সরেজমিনে ময়মনসিংহ সদর থেকে ত্রিশাল ও গফরগাঁও উপজেলা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার ব্রহ্মপুত্রের ধার ঘেঁষে যাওয়ার সময় অন্তত ১০০টি পয়েন্টে বালু উত্তোলনের একই চিত্র পাওয়া গেছে।ময়মনসিংহ নাগরিক আন্দোলন কমিটি অবাধে বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছে। সংগঠনের সভাপতি আনিসুর রহমান খান বলেন, সরকার যে নীতি গ্রহণ করছে, সরকারদলীয় নেতা-কর্মীরাই তা মেনে চলছেন না। নীতি বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি দলকে সরকারের পাশে থাকতে হবে বলে তিনি মন্তব্য করেন।