ভারতের উত্তরাখন্ড রাজ্যে বন্যা পরিস্থিতিতে উদ্ধারকাজে নিয়োজিত লোকজন এক শ্রেণীর প্রভাবশালী ব্যক্তির চাপের মুখে পড়েছে। এসব ব্যক্তি সবকিছু বাদে তাঁদের স্বজনদের আগে উদ্ধার করতে উদ্ধারকর্মীদের চাপ দিচ্ছেন। উদ্ধারকাজে নিয়োজিত বিভিন্ন সংস্থার বরাত দিয়ে আজ শুক্রবার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়।উত্তরাখন্ডে প্রতিকূল আবহাওয়ার জন্য বন্যা-পরবর্তী উদ্ধারকাজ পরিচালনায় এমনিতেই যথেষ্ট বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। বাড়তি বিড়ম্বনা হিসেবে যোগ হয়েছে মন্ত্রী, আমলা, সরকারি কর্মকর্তাসহ ক্ষমতাসীন ব্যক্তিদের নির্দেশ ও আবদার।আটকে পড়া ব্যক্তিদের মধ্যে প্রথমে যেন তাঁদের স্বজনদের উদ্ধার করা হয়, ক্ষমতাসীন বিভিন্ন ব্যক্তির কাছ থেকে দিনে অন্তত ৫০টিরও বেশি ফোনকল পাচ্ছেন উদ্ধারকর্মীরা।উত্তরাখন্ডে এখন চলছে পুণ্যার্থীদের তীর্থযাত্রার সময়। বন্যার আগে অনেক প্রভাবশালী মন্ত্রী, রাজনীতিক ও আমলার স্বজন ও ঘনিষ্ঠ লোকজন উত্তরাখন্ডের বিভিন্ন তীর্থস্থানে চলে যান। পরে ওই রাজ্য বন্যাকবলিত হলে বিশিষ্ট ব্যক্তিদের স্বজনেরাও দুর্গত মানুষের কাতারে পৌঁছে যান।রাজ্যের উদ্ধারকাজ পর্যবেক্ষণে থাকা একজন কর্মকর্তার ভাষ্য, ক্ষমতাসীন ব্যক্তিদের স্বজনদের বেশির ভাগই বদরিনাথ, যমুনত্রী ও গঙ্গোত্রীতে আটকা পড়েছেন। এসব স্থান খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি। কিছু রাস্তাঘাটের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, তবে এসব স্থানে খাদ্যসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী যথেষ্ট পরিমাণে রয়েছে। কাজেই এসব স্থানে থাকা লোকজন তুলনামূলকভাবে নিরাপদে আছে।ওই কর্মকর্তা বলেন, ‘আমাদের খবর পাঠানো হচ্ছে অমুক ব্যক্তি বদরিনাথ বা যমুনত্রীর অমুক হোটেলে রয়েছেন, তাঁকে এক্ষুনি উদ্ধার করতে হবে।’ তিনি মন্তব্য করেন, ‘যারা হোটেলে আছে, তারা তো অন্তত খাবার পাচ্ছে, ঘুমাতে পারছে, তাদের কেন এক্ষুনি উদ্ধার করতে হবে? কেদারনাথ উপত্যকায় অনেক মানুষ খাদ্য, পানি, আশ্রয়ের অভাবে মানবেতর জীবন কাটাচ্ছে। অনেকে মারা যাচ্ছে। আমাদের জন্য সেই সব মানুষকে উদ্ধার করাটা জরুরি।’আরেকজন কর্মকর্তার ভাষ্য, ওপর মহলের চাপে কোনো কোনো রাজনীতিবিদের আত্মীয়কেই আগে উদ্ধার করতে হচ্ছে।