ক্ষমতাসীনরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে প্রভাবিত করতে নানা ষড়যন্ত্র করছে। এ জন্য দলটির নেতা-কর্মীরা ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। আজ শনিবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি এসব অভিযোগ করে। দলটির অভিযোগ, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে নির্দলীয় করতে নির্বাচন কমিশন ঘোষণা দিলেও আওয়ামী লীগ তা পালন করছে না। ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত উপকূলীয় ১২টি জেলার ৫৭৬টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হবে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সংবাদ সম্মেলনে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। পাশাপাশি ক্ষমতাসীনদের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকারদলীয়দের এমন আচরণ গণতন্ত্রের জন্য শুভ হবে না। তিনি বলেন, ‘ক্ষমতাসীনদের এমন আচরণের পরও নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের নিশ্চুপ ভূমিকা দেখে আমরা উদ্বেগ প্রকাশ করছি।’নজরুল ইসলাম বলেন, পটুয়াখালীর মির্জাগঞ্জে সরকারি দলের ক্যাডারদের হামলায় বিএনপির স্থানীয় নেতা মজিবর রহমান মৃধা খুন হয়েছেন। মানুষ খুন-জখম হচ্ছে। অথচ নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। তিনি অভিযোগ করেন, কাল অনুষ্ঠেয় ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে পৌর নির্বাচনে ক্ষমতাসীন দল-সমর্থিত প্রার্থীকে জেতানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। এখানে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা ক্রমাগত আচরণবিধি লঙ্ঘন করছেন।সংবাদ সম্মেলনে বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।