ক্ষমতায় এলে হরতাল বন্ধ করব: মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে আইন করে হরতাল ও অবরোধ বন্ধ করা হবে। যেখানে-সেখানে মিছিল-সমাবেশ করতে দেওয়া হবে না। গতকাল রোববার রাতে কলকাতার বেসরকারি টিভি চ্যানেল স্টার আনন্দকে দেওয়া এক সাক্ষাত্কারে তৃণমূল কংগ্রেসের নেত্রী ও রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা বলেন।মমতা বলেন, কলকাতার জনসভা করার ব্যবস্থা করে হবে শহীদ মিনার ময়দানে। সভা-সমাবেশ ছুটির দিনে করার উদ্যোগ নেওয়া হবে। সাক্ষাত্কারে তৃণমূলের নেত্রী বলেন, নির্বাচনে সিপিএম ৫০টি আসন পাবে কি না সন্দেহ। তিনি মন্তব্য করেন, যাদবপুর আসনে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও হেরে যেতে পারেন।মমতা বলেন, ‘১০ বছর ঘরে বসে থাকুক সিপিএম। আমরা ক্ষমতায় আসব, কাজ করব। কাজের জন্য আমাদের ১০ বছর সময় দিতে হবে।’ তিনি বলেন, পূর্ব মেদিনীপুরের নয়াচরে রাসায়নিক শিল্পাঞ্চল হবে না। পরিবেশবান্ধব শিল্পাঞ্চল হবে। আর হরিপুরেও কোনো পারমাণবিক কেন্দ্র হবে না। মন্ত্রিসভা ছোট করে উপযুক্ত ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগ করা হবে।একই দিন মমতা কলকাতার বিভিন্ন নির্বাচনী জনসভায় বলেন, তাঁরা ক্ষমতায় এলে দুই বছরের মধ্যে ১০ লাখ ছেলেমেয়ের চাকরি হবে।কবির সুমনের সহযোগিতা চান ছত্রধর: পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের পুলিশি সন্ত্রাসবিরোধী জনগণের কমিটির নেতা ছত্রধর মাহাতো এবার সংগীতশিল্পী ও সাংসদ কবির সুমন এবং প্রখ্যাত লেখক মহাশ্বেতা দেবীর সহযোগিতা কামনা করেছেন। কারাবন্দী ছত্রধর মাহাতো এবার জঙ্গলমহলের ঝাড়গ্রাম আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১০ মে এই আসনের নির্বাচন। ‘সন্ত্রাস, দুর্নীতি ও সাম্রাজ্যবাদী আগ্রাসনবিরোধী মঞ্চ’ নামের একটি গণসংগঠনের পক্ষ থেকে ছত্রধর ঝাড়গ্রাম আসনে লড়ছেন।