ক্ষমতায় এলেই আওয়ামী লীগ ভারতের সঙ্গে গোলামি চুক্তি করে: খালেদা জিয়া
ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তিকে আরেকটি গোলামি চুক্তি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তিনি বলেন, চুক্তির কারণে এ দেশের মানুষ আবারও ২৫ বছরের জন্য শৃঙ্খলিত হলো। তাই শৃঙ্খলমুক্ত বাংলাদেশের জন্য এ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান তিনি।আজ সোমবার বিকেলে পল্টন ময়দান থেকে বিএনপির গণমিছিল শুরুর আগে নেতা-কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এর আগে সোয়া পাঁচটায় খালেদা জিয়া পল্টন ময়দানে এসে পৌঁছান। পাঁচটা ২০ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন। খালেদা জিয়া আসন্ন রমজানে দরিদ্র মানুষের কাছে কম মূল্যে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি করার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।বিএনপি চেয়ারপারসন বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই ভারতের সঙ্গে গোলামি চুক্তি করে। স্বাধীনতার পর এক চুক্তির কারণে এ দেশের মানুষকে ২৫ বছর ভারতের গোলামি করতে হয়েছে। এবারও তারা আরেক গোলামি চুক্তি করেছে। এর ফলে আজ যে শিশুটির জন্ম হয়েছে, তাকেও এই বোঝা বহন করতে হবে। তিনি ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি প্রকাশ এবং অসম চুক্তি বাতিলের দাবি জানান। বেশি সুদে ভারতের সঙ্গে ঋণচুক্তির সমালোচনা করে তিনি বলেন, বিশ্বব্যাংক কিংবা এডিবির কাছ থেকে ঋণ নিয়ে ৪০ বছরে শোধ করা যেত। অথচ ভারতের এই ঋণ ২৫ বছরের মধ্যে শোধ করতে হবে। এই চুক্তির কারণে দেশকে কঠিন খেসারত দিতে হবে বলে তিনি মন্তব্য করেন।খালেদা জিয়া বলেন, ‘চুক্তি প্রকাশ করুন। আমাদের টাকায় অন্য দেশের স্বার্থ হাসিল হতে দেওয়া হবে না। কোনো বিদেশি শক্তির দাসত্ব করে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না।’বক্তব্য শেষে বিকেল পাঁচটা ৫০ মিনিটে তাঁর নেতৃত্বে পল্টন ময়দান থেকে গণমিছিল শুরু হয়। শান্তিপূর্ণ মিছিলটি দৈনিক বাংলা, নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ ও মৌচাক মোড় হয়ে মগবাজারে এসে শেষ হয় সন্ধ্যা ছয়টা ৫০ মিনিটে। মিছিলে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। তাঁরা সরকারবিরোধী নানা স্লোগান দেন। বহনকারী জিপের খোলা ছাদ দিয়ে খালেদা জিয়া রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ ও কর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।মিছিলের একেবারে সামনে ছিল ছাত্রদল এবং তারপর মহিলা দলের নেতা-কর্মীরা, এরপর খালেদা জিয়ার গাড়িবহর। কেন্দ্রীয় নেতাদের অনেকেই ছিলেন ওই বহরে। গাড়িবহরের পরে যথাক্রমে যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ছিলেন।মিছিলপূর্ব সমাবেশে প্রায় ৩০ মিনিটের বক্তব্যে খালেদা জিয়া ভারতের সঙ্গে অসম চুক্তির প্রতিবাদ এবং তা বাতিলের দাবি জানান। এ ছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতা এবং বিরোধী দলের ওপর দমনপীড়নের তীব্র সমালোচনা করেন। জনগণের জন্য কাজ না করলে ঈদের পর কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি।বিরোধীদলীয় নেতা আরও বলেন, এ সরকার জনগণকে বিদ্যুত্ ও গ্যাস দিতে পারে না। নির্বাচনে ১০ টাকায় চাল খাওয়ানো, চাকরি দেওয়ার কথা বলে তারা কিছু মানুষের ভোট পেয়েছে। মইনউদ্দিন-ফখরুদ্দীনের সঙ্গে ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছেন। তিনি বলেন, সরকার গণতান্ত্রিক কর্মসূচি করতে দেয় না। বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিও তারা করতে দিচ্ছে না।খালেদা জিয়া বলেন, সরকার বিরোধী দলকে সংসদে কথা বলতে দেয় না। স্পিকারের ভাষায় ওটা চিড়িয়াখানা বা মাছের বাজার। এখানে কথা বলে লাভও হয় না।অসুস্থ থাকার কারণে গণমিছিল কর্মসূচিতে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন উপস্থিত থাকতে পারেননি। স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটির বেশির ভাগ সদস্যই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।