ক্ষমতায় গেলে একীভূত হবে ডিসিসি: খোকা
ঢাকাকে ভেঙে উত্তর ও দক্ষিণ নামে দুই সিটি করপোরেশন করার সিদ্ধান্তে গতকাল সোমবারও কর্মকর্তা-কর্মচারীরা নগর ভবনে বিক্ষোভ-মিছিল সমাবেশ করেছেন। তাঁরা আজ মঙ্গলবার মহাসমাবেশের ডাক দিয়েছেন।ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা গতকাল অনানুষ্ঠানিকভাবে কর্মকর্তাদের সঙ্গে বিদায়ী মতবিনিময় সভা করেছেন। তিনি বলেছেন, তাঁর দল ক্ষমতায় গেলে বিভক্ত ঢাকা সিটি করপোরেশনকে আবারও একীভূত করা হবে।এসব নানামুখী ঘটনায় নগর ভবনে কাজকর্মের গতি কমে গেছে। এরই মধ্যে আন্দোলনকারীদের নেতা মেসবাহুল করিমকে বরিশাল সিটি করপোরেশনে বদলি করা হয়েছে। এ নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৃষ্টি হয়েছে ক্ষোভ। সাদেক হোসেন বিকেলে নগর ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘যদিও বিষয়টি দলের নীতিনির্ধারণী বিষয়। তবে এ নিয়ে দলের চেয়ারপারসনের সঙ্গে কথা হয়েছে। ক্ষমতায় গেলে আবারও ঢাকাকে একীভূত করা হবে।’ঢাকার মেয়র বলেন, ‘সরকার হীন রাজনৈতিক সিদ্ধান্ত চরিতার্থ করার জন্যই ঢাকাকে বিভক্ত করার সিদ্ধান্ত নিচ্ছে। নগরবাসীর কল্যাণের কথা তারা ভাবেনি। এতে সেবার মান বৃদ্ধির কোনো সুযোগ নেই। এই চেয়ার (মেয়রের চেয়ার) থেকে আমাকে সরানোর জন্য এটা করা হচ্ছে।’বিভক্ত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না জানতে চাইলে সাদেক হোসেন বলেন, ‘বিভক্তিকে আমরা মানব না। তবে এ নিয়ে দলীয় ফোরামে আলোচনা করা হবে।’বিদায়ী মতবিনিময় সভা: সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে নগর ভবন মিলনায়তনে সাদেক হোসেন সিটি করপোরেশন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন। ঢাকা সিটি করপোরেশনের বিভক্তির সমালোচনা করে এ সময় মেয়র বলেন, ‘সরকার গোয়েন্দাদের মাধ্যমে জানতে পেরেছে, নির্বাচন দিলে জিততে পারবে না। আবার বিদ্যমান আইনে আমাকে সরাতেও পারবে না। এ জন্য আইন সংশোধন করা হচ্ছে। আমি মনে করি, সরকার আগেই আমার বিজয় মেনে নিয়েছে। সরকারের পরাজয় হয়েছে। এটা নৈতিকতার বিজয়। এই বিজয় যেমন গৌরবের তেমনি বেদনাদায়কও।’ ঢাকাকে কোটি মানুষের স্বপ্ন উল্লেখ করে সাদেক হোসেন বলেন, কেন সরকার এই স্বপ্নকে দ্বিখণ্ড করতে চাইছে তা অজানা অধ্যায় হিসেবে থেকে যাবে। কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনকে ন্যায়সংগত উল্লেখ করে তাঁদের সঙ্গে থাকার ঘোষণা দেন তিনি।কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ: বেলা তিনটার দিকে ডিসিসিকে দুই ভাগ ও আগের দিন পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা করার প্রতিবাদে নগর ভবনে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। ভবনের ভেতরে মিছিল শেষে ফটকের সামনে সমাবেশ করেন তাঁরা। সমাবেশে বক্তৃতা করেন সিটি ও পৌর ফেডারেশনের সভাপতি আকতার হোসেন দেওয়ান, মহাসচিব মোশাররফ হোসেন, আবদুস সাত্তার, আহম্মেদ হোসেন, খালেক তালুকদার প্রমুখ। কমে গেছে কাজের গতি: ডিসিসিকে দুই ভাগ করার প্রক্রিয়া শুরুর পর থেকেই নগর ভবনের কাজের গতি কমে গেছে। বেলা ১১টায় নগর ভবনে ঢুকেই কথা হয় কর শাখার একজন কর্মচারীর সঙ্গে। তিনি বলেন, কাজ কমে গেছে। এরপর নবম তলায় অবস্থিত অঞ্চল-২-এর কার্যালয়ে গিয়ে দেখা যায় কর্মকর্তা-কর্মচারীরা দপ্তরে নেই। তাঁদের চেয়ারগুলো ফাঁকা। এক ব্যক্তি দাপ্তরিক একটি চিঠি নিয়ে এসেছিলেন একজন কর্মকর্তার কাছে। কিন্তু ওই কর্মকর্তা চেয়ারে না থাকায় তাঁকে অপেক্ষা করতে দেখা যায়। ফার্মগেট এলাকা থেকে অরণ্য নামের এক তরুণ কাজ নিয়ে এসেও গতকাল না করেই ফিরে গেছেন।