ক্ষমতায় গেলে মানবতাবিরোধীদের বিচার করব: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে তরুণ প্রজন্মের আন্দোলনকে স্বাগত জানিয়েছে বিএনপি।শাহবাগের প্রজন্ম চত্বরে অবস্থান কর্মসূচির অষ্টম দিনে এসে গতকাল মঙ্গলবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি এক বিবৃতিতে এ অবস্থানের কথা জানিয়েছে। তাতে দলটি প্রতিশ্রুতি দিয়েছে, আগামীতে নির্বাচিত হতে পারলে বিএনপি মানবতাবিরোধী অপরাধের নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার নিশ্চিত করবে।বিবৃতিতে বলা হয়, জনগণ আজ ১৯৭১-এর মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে ঐক্যবদ্ধ। বিএনপি সর্বদা এই বিচারের পক্ষে। একই সঙ্গে বিচারটি যাতে স্বচ্ছ, নিরপেক্ষ, সুষ্ঠু ও আন্তর্জাতিক মানসম্পন্ন হয়, বিএনপি সে দাবিও জানিয়ে আসছে। বিএনপির এই দাবির প্রতি সম্মান দেখালে বিচারটি প্রশ্নবিদ্ধ হতো না।বিএনপির যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবির রিজভীর সই করা গণমাধ্যমে পাঠানো এই বিবৃতিতে বলা হয়, গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত হয়।কিন্তু সোমবার বিকেলে রুহুল কবির রিজভীর সই করা বিএনপির একটি বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়েছিল। তাতে শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলন ‘মহলবিশেষ দলীয়করণ করার সর্বাত্মক কার্যক্রম চালিয়ে যাচ্ছে’ বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। তাতে বলা হয়, এই আন্দোলনে ‘ফ্যাসিবাদের সুস্পষ্ট প্রতিধ্বনি’ পাওয়া যাচ্ছে।পরদিন একই আন্দোলন নিয়ে আবারও বিবৃতি দেওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে রুহুল কবির রিজভী প্রথম আলোকে বলেন, সোমবারের বিবৃতিটি দেওয়া হয়েছিল মূলত শাহবাগ চত্বরের সমাবেশে দৈনিক আমার দেশ, নয়া দিগন্ত ও সংগ্রাম পত্রিকায় অগ্নিসংযোগ, পত্রিকাগুলো বন্ধের দাবি এবং আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান ও বুদ্ধিজীবী পিয়াস করিমকে নানাভাবে হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে। আর গতকালের বিবৃতিটি হলো শাহবাগের আন্দোলনের সার্বিক প্রেক্ষাপটে বিএনপির নীতিনির্ধারকদের সিদ্ধান্ত।গতকালের বিবৃতিতে বলা হয়, ‘গত এক সপ্তাহ ধরে বিপুলসংখ্যক তরুণ-তরুণী ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে ঢাকার শাহবাগে অবস্থান করছেন। তাঁদের সমাবেশে অবশ্য আরও কিছু অতিরিক্ত বিষয় নিয়ে প্রস্তাব পাঠ করা হয়েছে। দেশের তরুণ প্রজন্ম জাতির বিভিন্ন সমস্যা সম্পর্কে আগ্রহী হবেন এবং যৌক্তিক ও কার্যকর অবস্থান নেবেন এটাই কাঙ্ক্ষিত। তাই তারুণ্যের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই।’তবে, বিবৃতিতে এও বলা হয়, দল নিরপেক্ষ দাবি করা হলেও শাহবাগের আন্দোলনের নেতৃত্ব একটি বিশেষ রাজনৈতিক ঘরানার ব্যক্তিদের কুক্ষিগত করার প্রয়াস চলছে বলে প্রতীয়মান হচ্ছে। মুক্তিযুদ্ধের সময় বহুলভাবে উচ্চারিত একটি স্লোগান স্বাধীনতা-উত্তরকালে চরমভাবে দলীয়করণের, যা সর্বজনগ্রাহ্যতা হারায়, সেই স্লোগান বারবার উচ্চারিত হওয়ায় জনমনে চরম সংশয় ও সমাবেশের নিরপেক্ষতা সম্পর্কে প্রশ্ন দেখা দিয়েছে। সমাবেশের অরাজনৈতিক চরিত্রের পক্ষে দাঁড়ানোর ফলে একজন সুপরিচিত ছাত্রী উদ্যোক্তা দলীয় সন্ত্রাসীদের হাতে নিগৃহীত হয়েছেন। এ ছাড়া কিছু গণমাধ্যম ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও অনাকাঙ্ক্ষিত হুমকি উচ্চারিত হয়েছে। বহুদলীয় গণতন্ত্রে ভিন্নমত ও পথের প্রতি এ ধরনের অসহিষ্ণুতা নৈরাজ্যেকে অনিবার্য করে দেশকে গভীর সংকটে নিপতিত করতে পারে। এটা কাম্য হতে পারে না। বিবৃতিতে বলা হয়, ‘দেশের মানুষের আকাঙ্ক্ষা বিবেচনা করে অভিযুক্তদের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারকদের অনুরোধ জানিয়ে সমগ্র জাতীয় সংসদের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সমাবেশ মঞ্চের ঘোষণা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। অথচ মানবতাবিরোধীসহ যেকোনো অপরাধে অভিযুক্তদের যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করার দায়িত্ব সরকারপ্রধানের। বিচারকেরা তাঁদের নিজস্ব মূল্যায়ন, যুক্তিতর্ক ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে স্বাধীনভাবে যদি রায় ঘোষণা করতে না পারেন, তাহলে সমগ্র বিচারিক প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। এটা আইনের শাসন ও ন্যায়বিচারের পরিপন্থী।’তরুণ প্রজন্ম দেশের ভবিষ্যৎ। তারা অন্যায়, অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে কথা বলবে, অবস্থান নেবে ও প্রয়োজনে আন্দোলনে নামবে এটাই স্বাভাবিক। বিএনপি বিশ্বাস করে, তরুণ-তরুণীরা সব ধরনের গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করবে এবং এ দেশে সংঘটিত মানবতাবিরোধী সব অপরাধের বিরুদ্ধে সোচ্চার হবে। বিবৃতিতে বলা হয়, ‘আমরা আশ্বস্ত করতে চাই, বিএনপি যদি নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় দায়িত্বে আসে, তাহলে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করবে এবং অবশ্যই মানবতাবিরোধী অপরাধসহ সব ধরনের অপরাধের নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার নিশ্চিত করবে।’বিবৃতিতে স্বাধীনতার পরবর্তী সময়ে সিরাজ শিকদারসহ বিভিন্ন বিচারবহির্ভূত হত্যা এবং বর্তমান সরকারের আমলে ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ বিভিন্ন গুম-খুন, শাসক দলের বিভিন্ন অঙ্গসংগঠনের সন্ত্রাস, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ, হল-মার্ক, ডেসটিনি ও শেয়ারবাজার কেলেঙ্কারির কথা তুলে ধরে হয়। বলা হয়, ‘এই বিষয়গুলো শাহবাগে সমবেত তরুণ সমাজের হূদয় ও আবেগকে স্পর্শ করলে এবং তাদের উদ্বেগ ও প্রতিবাদের তালিকায় অন্তর্ভুক্ত করলে বর্তমানের আন্দোলন আরও মহিমান্বিত হতো। আমরা আশা করব, শাহবাগে সমবেত তরুণ-তরুণীরা দেশবাসীর এসব উদ্বেগ ও উৎকণ্ঠা ধারণ করবেন।’বিবৃতিতে সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার আন্দোলনে নতুন প্রজন্ম বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে বিএনপি আশাবাদ ব্যক্ত করে।