ক্ষমতায় গেলে শেয়ার কেলেঙ্কারির বিচার করবে বিএনপি : মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি ক্ষমতায় গেলে শেয়ার কেলেঙ্কারির সঙ্গে সঙ্গে জড়িতদের বিচার করবে। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি অভিযোগ করেন, শেয়ারবাজার থেকে সরকারের মদদপুষ্টরা ৮৫ হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে। এতো বড় আর্থিক কেলেঙ্কারি এর আগে কখনো ঘটেনি। এদের কাউকে ছাড় দেওয়া হবে না। বিএনপি ক্ষমতায় গেলে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। দোষীদের শাস্তি দেবে। ‘শেয়ার বাজারের ভয়াবহ ধস ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের ভবিষ্যত্’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করেছে জিয়া সেনা নামে একটি সংগঠন। শেয়ারবাজারের ঘটনা সরকারি তদন্ত কমিটির সমালোচনা করে মওদুদ আহমদ বলেন, দোষীদের বাঁচাতে এই তদন্ত কমিটি করা হয়েছে। তিনি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শেয়ারবাজারে ধসের জন্য দায়ীদের চিহ্নিত করে তাদের বিচার করবে। গণশুনানির মাধ্যমে এটা করা হবে।আলোচনা সভায় ‘পুঁজিবাজারে সাম্প্রতিক দরপতন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন এ কে এম আমিনুল হক। জিয়া সেনার সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, সাংসদ রেহানা আখতার রানু, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ বক্তব্য দেন।