দীর্ঘ তিন দশক ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে নজিরবিহীন বিক্ষোভে উত্তাল মিসর। গতকাল সোমবার বিক্ষোভের সপ্তম দিনে বিক্ষোভকারীরা রাজধানী কায়রোর কেন্দ্রস্থলে সমবেত হয়ে সাধারণ ধর্মঘট আহ্বান করে। আজ মঙ্গলবার কায়রোতে ‘লাখো মানুষের বিক্ষোভ’ আয়োজনের ঘোষণা দিয়েছে তারা। আলেকজান্দ্রিয়া শহরেও একই ধরনের বড় সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা। এদিকে দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, জনগণের দাবিকে বৈধ বলে মনে করে তারা। খবর বিবিসি, এএফপি, রয়টার্স, আল-জাজিরা, গার্ডিয়ান, নিউইয়র্ক টাইমস অনলাইনের।গত ২৫ জানুয়ারি থেকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে আইনশৃৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ১২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে দুই হাজারেরও বেশি মানুষ। বিক্ষোভের পরিপ্রেক্ষিতে জারি করা কারফিউ গতকালও বলবৎ ছিল। গতকাল থেকে মিসরের জাতীয় বিমান পরিবহন সংস্থা কারফিউ বলবৎ থাকার সময়ে তাদের সব ফ্লাইট বাতিল করে।গতকাল এক বিবৃতিতে মিসরের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ‘মিসরের জনগণের উদ্দেশে বলা হচ্ছে, আপনাদের সশস্ত্রবাহিনী জনগণের বৈধ দাবিকে স্বীকৃতি দিচ্ছে। আমরা মিসরের জনগণের বিরুদ্ধে বল প্রয়োগ করব না।’ তবে এখনো ক্ষমতায় টিকে থাকতে লড়ে যাচ্ছেন হোসনি মোবারক। গতকাল সেখানে নতুন মন্ত্রিসভার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি রাজনৈতিক সংস্কার নিয়ে বিভিন্ন দল ও গোষ্ঠীর সঙ্গে আলোচনা করতে সদ্য নিয়োগ দেওয়া প্রধানমন্ত্রী আহমেদ শফিককে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁকে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাও ঘোষণা করতে বলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও সংস্কারের আহ্বান জানিয়েছেন। ঘনিষ্ঠ মিত্র মোবারকের প্রতি সমর্থন পুরোপুরি প্রত্যাহার না করলেও যুক্তরাষ্ট্রের অবস্থান হচ্ছে, মিসরে ক্ষমতার পালাবদল হোক ‘সুশৃঙ্খলভাবে’। যুক্তরাজ্যও একই সুরে সুর মিলিয়েছে। সংস্কারের বিষয়ে আন্তর্জাতিক চাপ মাথায় নিয়েই সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ক্ষমতা ধরে রাখার চেষ্টা অব্যাহত রেখেছেন মোবারক।এরই অংশ হিসেবে রাষ্ট্রীয় টেলিভিশনে গতকাল জানানো হয়, প্রেসিডেন্ট নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন। যদিও সেখানে বেশির ভাগ সদস্যই আগের মন্ত্রিসভার। স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল-আদলির স্থলাভিষিক্ত হয়েছেন পুলিশের অবসরপ্রাপ্ত জেনারেল মাহমুদ ওয়াগদি। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আহমেদ আবদুল ঘেইত ও প্রতিরক্ষামন্ত্রী হিসেবে জেনারেল মোহাম্মদ হুসেইন তাঁতাবি দায়িত্ব ফিরে পেয়েছেন। এ ছাড়া উপপ্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর পদেও নতুন নিয়োগ দেওয়া হয়েছে। জেনারেল মুরাদ মোয়াফিকে দেশের নতুন গোয়েন্দাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন পত্রিকা আল-আহরাম এ খবর জানায়। মুরাদ সাবেক গোয়েন্দাপ্রধান ওমর সুলাইমানের স্থলাভিষিক্ত হলেন। সাবেক গোয়েন্দাপ্রধান সুলাইমান শনিবার ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।তবে প্রেসিডেন্ট মোবারকের এসব উদ্যোগ সম্ভবত খুব একটা কার্যকর হবে না। নতুন মন্ত্রিসভা ঘোষণার পর এক বিক্ষোভকারী বলেন, ‘মোবারকের পদত্যাগ ছাড়া আর কোনো পরিবর্তন আমরা মেনে নেব না।’ আরেক বিক্ষোভকারী বলেন, ‘একটি বেসামরিক কর্তৃপক্ষের অধীনে আমরা সরকারের সম্পূর্ণ পরিবর্তন দাবি করছি।’ বিক্ষোভকারীরা জানায়, মঙ্গলবার কায়রোর রাজপথে ১০ লাখ মানুষের সমাবেশ আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাদের।এদিকে কায়রোর একটি হোটেল থেকে গতকাল কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার ছয় সাংবাদিককে কিছু সময়ের জন্য আটক করে পুলিশ। গত রোববার মিসরে ওই টেলিভিশন চ্যানেলটির সম্প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মিসর কর্তৃপক্ষ গতকাল পর্যন্ত গণমাধ্যমের ওপর কড়া নিয়ন্ত্রণ বজায় রেখেছে।বিক্ষোভ দমনে গতকালও পুলিশ বাহিনী নীরব ছিল। গত শুক্রবার বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের পর থেকে ঘটনাস্থলে পুলিশের তৎপরতা কার্যত অনুপস্থিত। তবে দৃশ্যপটে এখনো সামরিক বাহিনী রয়েছে। অবশ্য গতকাল পর্যন্ত বিক্ষোভ দমনে কঠোর কোনো পদক্ষেপ তারা নেয়নি। সুতরাং, পরিস্থিতি বিশ্লেষণ করে স্পষ্টভাবে বলা যাচ্ছে না, সামরিক বাহিনী কত দূর পর্যন্ত মোবারকের প্রতি সমর্থন অব্যাহত রাখবে অথবা কোন পর্যায়ে পৌঁছালে তারা সমর্থন প্রত্যাহার করে নেবে।গতকালও মিসর থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিয়েছে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সরকার। নিউজিল্যান্ড ও ইন্দোনেশিয়াও তাদের নাগরিকদের ফিরিয়ে আনার পদক্ষেপ নিয়েছে। নেদারল্যান্ড, ফ্রান্সসহ বিভিন্ন দেশের কর্তৃপক্ষ তাদের নাগরিকদের এ মুহূর্তে মিসরে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।মিসরের এই অস্থিতিশীল পরিস্থিতি আন্তর্জাতিক বাণিজ্যেও প্রভাব ফেলেছে। আন্তর্জাতিক পুঁজিবাজারে মিসরের বন্ডের রেটিং কমিয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক এই অস্থিতিশীলতা মিসরের পর্যটন খাতেও নেতিবাচক প্রভাব ফেলেছে। জাপানের গাড়িনির্মাতা প্রতিষ্ঠান নিসান ঘোষণা করেছে, তারা এক সপ্তাহের জন্য মিসরে তাদের কারখানার উৎপাদন স্থগিত করছে। পাশাপাশি কোম্পানিটি তাদের ভিনদেশি কর্মীদেরও মিসর ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে। মিসরভিত্তিক বিশ্বের শীর্ষস্থানীয় টেলিকম প্রতিষ্ঠান ওরাসকম সরকারের প্রতি ইন্টারনেট চালু করার আহ্বান জানিয়েছে। এ ছাড়া স্থানীয় ও বিদেশি ব্যবসায়ীরা জানিয়েছেন, ইন্টারনেট-সেবা বন্ধ থাকায় তাঁদের লোকসান গুনতে হচ্ছে।গত রোববার সন্ধ্যায় কারফিউ উপেক্ষা করে বিক্ষোভের প্রতি সমর্থন জানাতে আসা নোবেল পুরস্কারজয়ী মোহাম্মদ এল বারাদির সঙ্গে বিরোধী দল হিসেবে পরিচিত মুসলিম ব্রাদারহুডের নেতাদের মতানৈক্যের ইঙ্গিত পাওয়া গেছে। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সাবেক প্রধান এল বারাদি রোববার মোবারকের প্রতি সমর্থন অব্যাহত রাখার জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন। তিনি ‘লাইফ সাপোর্ট’ তুলে নেওয়ার জন্য মার্কিন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। রোববার সরকারবিরোধী পক্ষের তরফ থেকে এল বারাদিকে দায়িত্ব দেওয়া হয় ক্ষমতাসীন পক্ষের সঙ্গে মধ্যস্থতা করার।তবে মুসলিম ব্রাদারহুডের এক মুখপাত্রের বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া গেছে, তাঁরা বিষয়টি ঠিক মেনে নিতে চাচ্ছেন না। মোহাম্মদ মোরসে নামের ওই মুখপাত্র বলেন, ‘জনগণ তাদের মুখপাত্র হিসেবে মোহাম্মদ এল বারাদিকে নিয়োগ দেয়নি। ব্যক্তি এল বারাদির চেয়ে মুসলিম ব্রাদারহুড অনেক বেশি শক্তিশালী। তিনি এই আন্দোলনের প্রতিনিধিত্ব করছেন এমন বক্তব্যের সঙ্গে আমরা একমত নই। আন্দোলন নিজে নিজে এগিয়ে চলছে। আর সরকারের সঙ্গে মধ্যস্থতায় বসার জন্য অবশ্যই একটি কমিটি করতে হবে।’ রোববার পুলিশ সদস্যরা কারাগারে দায়িত্ব পালন থেকে সরে গেলে মুসলিম ব্রাদারহুডের ৩৪ জন নেতা বের হয়ে আসেন।ঘটনাস্থলে থাকা সাংবাদিকেরা জানিয়েছেন, গতকাল কায়রোর তাহরির স্কয়ারে কমপক্ষে ৫০ হাজার মানুষের সমাবেশ ঘটে। তবে কোনো দাঙ্গা পুলিশের উপস্থিতি নজরে আসেনি। অবশ্য আকাশে সামরিক হেলিকপ্টারের টহল অব্যাহত ছিল। শহরে সেনাসদস্যদের উপস্থিতিও বাড়ানো হয়েছে। দিনের বেশির ভাগ সময় রাজধানীর অন্যান্য অংশ শান্ত ছিল। কয়েকটি স্থানে তল্লাশি চৌকিতে দায়িত্ব ছেড়ে পালানো পুলিশ সদস্যদের আবার দায়িত্বে ফিরতে দেখা গেছে। কয়েকটি পয়েন্টে ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতেও দেখা গেছে। পুলিশকে সামরিক বাহিনীকে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। কায়রোতে নাগরিকদের মধ্যে ‘প্যানিক বায়িং’ বা দুর্যোগের আশঙ্কায় কেনাকাটা বেড়ে গেছে বলেও জানিয়েছেন সাংবাদিকেরা।আলেকজান্দ্রিয়া, মনসুরা, দামানহোর ও সুয়েজ শহরেও উল্লেখযোগ্য সংখ্যক নাগরিক বিক্ষোভ করেছে। গতকালও বিভিন্ন স্থানে লুটপাটের খবর পাওয়া গেছে।মিসরে এই ব্যাপক গণবিক্ষোভে অনুপ্রাণিত হয়ে রোববার প্রতিবেশী সুদানেও ছাত্রবিক্ষোভ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল দেশটির রাজধানী খার্তুমে বিশ্ববিদ্যালয়গুলো ঘিরে রাখে পুলিশ। আরব বিশ্বে সাম্প্রতিক এই গণবিক্ষোভের সূত্রপাত গত ডিসেম্বরে তিউনিসিয়ায়। সেখানে গণঅভ্যুত্থানের কারণে প্রেসিডেন্ট বেন আলী ক্ষমতা ও দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। তিউনিসিয়ার ওই বিক্ষোভ ইয়েমেন ও জর্ডানেও প্রভাব ফেলে।