ক্ষমতায় থাকলে ভুলে যান, বিরোধী দলে গেলে মনে পড়ে আমাদেরও মনে করিয়ে দেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিরোধীদলীয় নেত্রী ক্ষমতায় থাকাকালে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনার কথা ভুলে যান। কিন্তু বিরোধী দলে গেলে সব মনে পড়ে। এমনকি আমাদেরও মনে করিয়ে দেন।’বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।খালেদা জিয়া গত শনিবার এক সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর ভারত সফরকালে টিপাইমুখ বাঁধ নির্মাণ করতে না দেওয়া, পানির ন্যায্য হিস্যা আদায়, বাণিজ্য ঘাটতি নিরসনসহ বেশ কিছু বিষয়ে জোরালো ভূমিকা রাখতে সরকারকে পরামর্শ দেন।সেই বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী গতকাল বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এসব সমস্যা হয়নি। আমার আগে পাঁচ বছর ক্ষমতায় ছিলেন। তখন সমস্যার সমাধান করলেন না কেন?’প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেত্রী ক্ষমতায় থাকাকালে দিল্লিতে গিয়ে পানির ন্যায্য হিস্যার কথা বলেননি। তাঁর সময়ে যৌথ নদী কমিশনের কোনো বৈঠক হয়নি। ক্ষমতায় থাকতে টিপাইমুখ নিয়েও তিনি কথা বলেননি। আর সমুদ্রসীমা নিয়ে সমস্যা তো হঠাত্ করে হয়নি। এ ব্যাপারে উনি (খালেদা জিয়া) একবারও কথা বলেননি। তিনি বলেন, ‘ভারত সফরে গিয়ে কী করতে হবে, আমরা তা ভুলে যাইনি। কারণ এ মাটিতেই আমার জন্ম। তবে উনি ভুলে যান। কারণ ওটা তো ওনার জন্মস্থান।’প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৯৬ সালে ভারতে গিয়ে আমরা ৩০ বছর মেয়াদি পানিচুক্তি করেছি। যৌথ পানি কমিশন নিয়ে আলোচনা শুরু হয়েছে, এটা চলবে। সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিরসনে জাতিসংঘে গিয়েছি।’তবে ভারত সফরের সফলতা কামনা করায় প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ককে আমরা সব সময় গুরুত্ব দিই। সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়—এটাই আমাদের পররাষ্ট্রনীতি।’ প্রধানমন্ত্রী সফর সফল করতে সবার দোয়া কামনা করেন।প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর রাজনৈতিক দূরদর্শিতার কথা উল্লেখ করে বলেন, অনেক আগেই বঙ্গবন্ধু যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। সভাপতির বক্তব্যে সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, খালেদা জিয়ার মুখে এখন দেশের জন্য মায়াকান্না শোনা গেলেও গত সাত বছর তা ছিল না। আবদুর রাজ্জাক বলেন, খালেদা জিয়া মিথ্যার বেসাতি করছেন। পাকিস্তানের কাছে ১২ হাজার কোটি টাকা পাওনা থাকলেও সে টাকার কথা তিনি বলেন না। তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের রাজনৈতিক ও ভৌগোলিক স্বাধীনতা এনে দিয়েছেন। তাঁর কন্যার নেতৃত্বে দেশের অমীমাংসিত বিষয় সমাধান হবে।নূহউল আলম লেনিনের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তৃতা করেন সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, সৈয়দ আশরাফুল ইসলাম, মোহাম্মদ নাসিম, আবদুল লতিফ সিদ্দিকী, ইউসুফ হোসেন হুমায়ুন, সতীশ চন্দ্র রায়, আবদুল মতিন খসরু, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও কামরুল ইসলাম।স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন: যথাযোগ্য মর্যাদায় গতকাল বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভোরে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য ও দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। এর পর আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা হয়।গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে। প্রতিনিধিদলে ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোল্লা আবু কাওসারসহ স্থানীয় নেতারা। তাঁরা সেখানে বিশেষ মোনাজাত ও ফাতেহা পাঠ করেন। এ ছাড়া যেসব সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে সেগুলো হলো বঙ্গবন্ধু সাহিত্য পরিষদ, ইডেন কলেজ, মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড, আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা পরিষদ প্রভৃতি।