ক্ষমতায় থাকার জন্য তাঁরাই তেল মারছেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেছেন, ‘দেশের স্বার্থ বিলিয়ে দিয়ে তেল মারার রাজনীতি বিএনপি ও খালেদা জিয়া করেন না।’ তিনি বলেন, ‘যাঁরা ক্ষমতায় আছেন, তাঁরাই অতীতে তেল মারার রাজনীতি শুরু করেন, ক্ষমতায় থাকার জন্য এখনো তেল মারছেন, ভবিষ্যতেও মারবেন।’ আজ সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, বিএনপির নেতা নাজিম উদ্দিন আলম ও শাহজাহান সাজুকে দেখতে যান তরিকুল। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপির এই নেতার সঙ্গে ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির নেতা আবদুস সালাম, শামীমুর রহমান প্রমুখ।বিএনপি চেয়ারপারসনের ভারতের সফরসঙ্গী তরিকুল ইসলাম বলেন, ভারত সফরে খালেদা জিয়া মনমোহন সিং, প্রণব মুখার্জিসহ দেশটির গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে সমতার ভিত্তিতে টিপাইমুখ, তিস্তার পানি, ছিটমহল সমস্যা, অসম বাণিজ্য, বৃহত্তর কানেক্টিভিটি ইত্যাদি বিষয় নিয়ে কথা বলেছেন। ভারত সরকারও এতে নীতিগত সমর্থন জানিয়েছে।বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘ভারত সরকার বলেছে, তারা বিশেষ কোনো দল নয়, বাংলাদেশের মানুষের সঙ্গে সুসম্পর্ক চায়। বেগম জিয়াও তাতে সমর্থন জানিয়েছেন। কিন্তু সরকার জনবিচ্ছিন্ন হয়ে এসব অসত্য কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে। প্রধানমন্ত্রী কেবল খালেদা জিয়াকেই শুধু নন, ড. কামাল হোসেন, ড. ইউনূস, ব্যারিস্টার রফিক-উল হক কাউকেই গুরুত্ব দেন না। তাঁর উচিত, সাধারণ মানুষের ব্যাপারে শালীনতা বজায় রেখে কথা বলা।’সকালে জাতীয় প্রেসক্লাবে স্বদেশ জাগরণ পরিষদ নামের একটি সংগঠনের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘খালেদা জিয়া তেল মারার জন্য ভারত সফরে যাননি। দেশের স্বার্থ নিয়ে কথা বলার জন্য ভারত গেছেন। যাঁদের তেল মারার অভ্যাস আছে, তাঁদের মুখ থেকেই এ শব্দটি বের হতে পারে।’মওদুদ বলেন, ‘দেশের স্বার্থে খালেদা জিয়া কখনো আপস করেন না। আমরা প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসী। এর মাধ্যমেই জাতীয় স্বার্থ রক্ষা করতে সক্ষম হব।’গতকাল বৃহস্পতিবার যশোরের এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেন, খালেদা জিয়া তেল মারার জন্যই ভারত সফরে গিয়েছিলেন।