ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের বাঁকা পথ নেই
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের কোনো বাঁকা পথ নেই। আমরা জনগণের ওপর আস্থায় বিশ্বাসী। জনগণ চাইলে আছি, না চাইলে নাই। শেখ হাসিনা বলেন, ‘এবার রোজায় দরিদ্র মানুষকে ১০ কেজি করে চাল দিয়েছি।’ তিনি দাবি করেন, রোজায় বিদ্যুত্, পানি ও গ্যাসের কোনো সমস্যা হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো ছিল বলে তিনি জানান। আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছাত্রলীগ আয়োজিত ১৫ আগস্টের আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, এবার ঈদে ও রোজায় ৪২ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। তিনি বলেন, তাঁর সরকারের সময় ১০ শতাংশ দারিদ্র্য হ্রাস পেয়েছে। এ ছাড়া পাঁচ কোটি মানুষ মধ্যম আয়ের পর্যায়ে আসতে পেরেছে বলে তিনি দাবি করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। ক্ষমতায় এসে যাদের ভোগ দখল করার খায়েশ আছে, তাঁদের বাঁকা পথে যাওয়াই স্বাভাবিক বলে তিনি মন্তব্য করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, তাঁর সরকারের সময় সারা দেশে পাঁচ হাজার ৯৯৯টি স্থানীয় নির্বাচন হয়েছে। কোথাও গোলমাল বা প্রাণহানির ঘটনা ঘটেনি। কারণ সরকার জনগণের ক্ষমতায় বিশ্বাসী। ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল হক, বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখীর প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ফায়েকুজ্জামান প্রমুখ। সভা পরিচালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম।