ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেব। ক্ষমতায় যাওয়ার জন্য এককভাবে নির্বাচন করব, বিরোধী দলে যাওয়ার জন্য নয়। গুলশানের একটি কমিউনিটি সেন্টারে আজ শনিবার সকালে দলের নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। সভায় আগামী ৪ মার্চ ফেনী নদী অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেন এরশাদ। এরশাদ বলেন, ‘কারও উপদেশ নেওয়ার জন্য আমি ভারত যাইনি। গিয়েছিলাম আজমির শরিফ জিয়ারত করতে। আর সরকারের সঙ্গে আলোচনা করে সরকারের বিভিন্ন কাজের বিরোধিতা করছি বলে উত্থাপিত অভিযোগগুলো চরম মিথ্যাচার। কারও পরামর্শে আমরা রাজনীতি করি না।’ কিছু গণমাধ্যমে তাঁর সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের বক্তব্য স্পষ্ট—নির্বাচন করব ক্ষমতায় যাওয়ার জন্য, বিরোধী দলে যাওয়ার জন্য নয়।’ আগামী নির্বাচন এককভাবে করার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ডু অর ডাই, আমারা একা থাকব।’বিএনপিকে ইঙ্গিত করে এরশাদ বলেন, ‘যারা আমাদের জেলে পাঠিয়েছে, আমার ওপর নির্যাতন চালিয়েছে তাদের সঙ্গে আমি কি যেতে পারি?’বক্তব্যের একপর্যায়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের কারাজীবন নিয়ে নিজের লেখা একটি দীর্ঘ কবিতার রেকর্ডকৃত আবৃত্তি শোনানো হয়। এ সময় এরশাদ আবেগতাড়িত হয়ে পড়েন।কবিতা শোনানো শেষে এরশাদ বলেন, ‘অনেক অত্যাচার সহ্য করে বেঁচে আছি। এসব কথা তো ভাষায় বলা যাবে না, তাই কবিতায় বলেছি।’ তিনি বলেন, ‘প্রতিশোধ বলব না, যারা অত্যাচার করেছে তাদের জবাব দেওয়ার সময় এসেছে।’তিস্তা অভিমুখে লংমার্চ কর্মসূচি সফল করায় দলের নেতা-কর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে এ সভার আয়োজন করা হয়। সভায় এরশাদ নেতা-কর্মীদের বলেন, আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেব। আর ক্ষমতায় গেলে ঢাকাকে আবার এক করব। সরকার এ কাজটি আমাদের সঙ্গে আলোচনা করে করেনি। তিনি বলেন, এ কর্মসূচির পর জাতীয় পার্টি আবারও আলোচনা এসেছে।অনুষ্ঠানে পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্যসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।