ক্ষমতায়ন
ক্রিস্টিন লেগার্ডফ্রান্সের শ্রমবিষয়ক আইনজীবী হিসেবে অনেক দিন ধরেই কাজ করে যাচ্ছেন ক্রিস্টিন লেগার্ড। এর পাশাপাশি গত বছরের ৫ জুলাই থেকে প্রথম নারী হিসেবে ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পুরো নাম ক্রিস্টিন ম্যাডেলিয়েন ওডিটি লেগার্ড। ১৯৫১ সালের ১ জানুয়ারি ফ্রান্সের প্যারিসে জন্ম নেওয়া ক্রিস্টিন আইএমএফের দায়িত্ব নেওয়ার আগে ফরাসি সরকারের মিনিস্ট্রি অব ইকোনমিক অ্যাফেয়ার্স, ফাইন্যান্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মিনিস্ট্রি অব এগ্রিকালচার, মিনিস্ট্রি অব ট্রেডে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। শিকাগোভিত্তিক প্রখ্যাত আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠান বেকার অ্যান্ড ম্যাকেঞ্জিসের প্রথম নারী প্রধান হিসেবে কাজ করেছেন অনেক দিন। আইন ছাড়াও তিনি অর্থনীতি নিয়ে কাজ করে ২০০৯ সালে দ্য ফিনান্সিয়াল টাইমস-এর র্যাঙ্কিংয়ে ইউরোজোনে সেরা অর্থমন্ত্রী নির্বাচিত হয়েছেন। বর্তমানে ১১তম ইউরোপীয় হিসেবে আইএমএফের প্রধান ক্রিস্টিন বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস-এর প্রভাবশালী নারী তালিকারও শীর্ষ পর্যায়ে রয়েছেন। শিক্ষক পরিবারে বেড়ে ওঠা ক্রিস্টিনের বাবা-মা দুজনই ছিলেন শিক্ষক। তাঁর দুই সন্তান হলেন পিয়েরি হেনরি লেগার্ড ও থমাস লেগার্ড।ইরিনা বোকোভাবুলগেরিয়ান সোশিয়ালিস্ট পার্টির (বিএসপি) হয়ে দুবারের সাংসদ ইরিনা বোকোভা রাজনীতি ছাড়াও নিজ দেশের হয়ে ফ্রান্স এবং মনোকোতে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। পুরো নাম ইরিনা জিয়োরগিভিয়া বোকোভা। বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে ১৯৫২ সালের ১২ জুলাই জন্ম নেওয়া ইরিনা বর্তমানে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা—ইউনেসকোর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পূর্ব ইউরোপীয় প্রথম নারী হিসেবে ইউনেসকোর মহাপরিচালক পদে কাজ করছেন। রাজনৈতিক পরিবারের সন্তান ইরিনার বাবা বিএসপি দলের অফিশিয়াল পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন। রাষ্ট্রদূতের দায়িত্ব পালন ছাড়াও তিনি নিজ দেশের পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ইউনেসকোতে মহাপরিচালক হিসেবে কাজ করার আগে তিনি দীর্ঘদিন প্রতিষ্ঠানের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ইতালি, ফিলিপাইনের তিনটি বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন অনারারি ডিগ্রি।লিখেছেন: নুরুন্নবী চৌধুরী, তথ্যসূত্র: উইকিপিডিয়া