পুরুষ কাউন্সিলরদের মতো সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলরদের ক্ষমতায়নের দাবিকে কেন্দ্র করে আজ রোববার চট্টগ্রাম সিটি করপোরেশনে হট্টগোল হয়েছে। করপোরেশনের মাসিক সাধারণ সভায় মেয়র মোহাম্মদ মনজুর আলমের সামনে পুরুষ কাউন্সিলর এবং নারী কাউন্সিলররা দুই ভাগ হয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় পুরুষ কাউন্সিলরা নারীদের কটাক্ষ করে বক্তব্য দেন বলেও অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, ২০০৪ সালের আগস্টে হাইকোর্টের জারি করা এক নির্দেশনায় নির্বাচিত সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরদের সমান মর্যাদা দেওয়ার কথা বলা হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের গত তিন সাধারণ সভায় নারী ওয়ার্ড কাউন্সিলররা হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের দাবি উত্থাপন করেন। কিন্তু পুরুষ কাউন্সিলরদের বাধার কারণে এ দাবি বাস্তবায়ন হয়নি। আজ মহিলা কাউন্সিলর ফেরদৌস বেগম দাবিটি উপস্থাপন করেন। তখন ওয়ার্ড কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার বিরোধিতা করে বলেন, ‘আমরা তো কাজ করছি। তারা আবার কোথায় আমাদের মতো উন্নয়ন কাজ করবেন?’এ সময় নারী কাউন্সিলর রেহেনা বেগম বলেন, ‘সাবেক মেয়র কিছু কাউন্সিলরকে খুশি রাখতে আমাদের দাবি মানেননি। এখন সমতার দাবি উঠলেই কিছু কাউন্সিলর বিরোধিতা করেন। এটা আপনাদের পুরুষতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ এবং আদালতের অবমাননা।’ এ সময় ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী, এম এ মালেক ও মোহাম্মদ ইসমাইলের নেতৃত্বে ১৪-১৫ জন পুরুষ কাউন্সিলর দাঁড়িয়ে রেহেনা বেগমের বক্তব্যের বিরোধিতা করেন। তাঁরা হইচই শুরু করলে প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ তাঁদের থামানোর চেষ্টা করে বলেন, বিষয়টি মেয়রের কক্ষে বসেই সমাধান সম্ভব। সাধারণ সভায় বাইরের অতিথিও উপস্থিত থাকেন। তাঁদের সামনে এভাবে উত্তেজিত হওয়া শোভন নয়। একপর্যায়ে মেয়র মনজুর উভয়পক্ষকে থামিয়ে বলেন, ‘নারী কাউন্সিলরদের দাবি ন্যায়সংগত। আপনারা বিরোধিতা করলে তো হবে না।’ মেয়র পরে প্রথম আলোকে বলেন, পুরুষ ও নারী কাউন্সিলরদের মধ্যে আলোচনা হয়েছে। সাধারণ সভায় উত্থাপিত সব বিষয় নিয়েই আলোচনা হয়। মহিলা কাউন্সিলরদের দাবি মেনে নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, তাঁরা পরিচ্ছন্নতার কাজ করতে চেয়েছেন। এ নিয়ে সিদ্ধান্ত হয়নি।নারী কাউন্সিলর রেহেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘উন্নয়ন বাজেটের দু-এক লাখ টাকা নিয়ে আমাদের আপত্তি নেই। আমাদের দাবি পরিচ্ছন্নতা, সড়ক আলোকায়ন ও বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) নার কাউন্সিলরদের অন্তর্ভুক্ত করা।’ দাবির বিরোধীদের অন্যতম কাউন্সিলর জহরলাল হাজারী প্রথম আলোকে বলেন, ঢাকাসহ কোনো সিটি করপোরেশনে নারী কাউন্সিলররা কিছুই পান না।