অনুমোদন ছাড়াই শেয়ারের মূল্যসূচক সংশোধনের জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গতকাল সোমবার ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সতীপতী মৈত্র মূল্যসূচক সংশোধনের ব্যাপারে এসইসির দেওয়া চিঠির উত্তরে অনুমোদন ছাড়া মূল্যসূচক সংশোধন করার জন্য এসইসির কাছে ক্ষমা চেয়েছেন। এ ব্যাপারে তিনি এসইসি বরাবর একটি চিঠিও দিয়েছেন। এসইসির সদস্য মনসুর আলম চিঠি পাওয়ার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, কমিশনের সিদ্ধান্তের ভিত্তিতেই ডিএসইর কাছে মূল্যসূচক সংশোধনের ব্যাখ্যা চাওয়া হয়েছিল। তারই জবাব দিয়েছে সংস্থাটি। এখন সেই জবাব নিয়ে কমিশনে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।ডিএসইর প্রধান নির্বাহী চিঠিতে বলেছেন, গত ২ জুন এসইসিতে অনুষ্ঠিত এক বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই সূচক সংশোধন করা হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। সে জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। তবে এসইসি বলছে, গত ২ জুনের বৈঠকে মূল্যসূচক সংশোধনের দিকনির্দেশনা তৈরির বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু সেসব সিদ্ধান্ত বাস্তবায়নের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। সংস্থাটির মতে, মূল্যসূচকের মতো অত্যন্ত সংবেদনশীল বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়ার আগে অবশ্যই এসইসির কাছ থেকে অনুমতি নিতে হবে অথবা এসইসি এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেবে। কিন্তু ডিএসই শেয়ারের মূল্যসূচক সংশোধনের আগে এসইসির কোনো অনুমোদন নেয়নি। উল্লেখ্য, গত ২৭ অক্টোবর দৈনিক প্রথম আলোয় ‘মূল্যসূচক নিয়ে লুকোচুরি’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই এসইসি ডিএসইর সভাপতি ও সিইওকে কারণ দর্শানোর নেটিশ দেয়। গত ১ জুলাই থেকে ডিএসইতে নতুন তালিকাভুক্তসহ মোট ২৪টি কোম্পানির সব শেয়ার বাদ দিয়ে কেবল লেনদেনযোগ্য (ফ্রি ফ্লোট) শেয়ার নিয়ে সূচক গণনা করা হচ্ছে। উদ্যোক্তাদের বা ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ দেওয়া যেসব শেয়ার সাময়িকভাবে বিক্রি নিষিদ্ধ (লক ইন) রয়েছে, তা সূচক গণনার বিবেচনায় নেওয়া হয়নি। বিশেষজ্ঞদের মতে, এভাবে গোপনে সূচক সংশোধন করা নৈতিকতাবিরোধী এবং বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা। কারণ শেয়ারবাজারের জন্য সূচক গুরুত্বপূর্ণ বিষয় এবং এর মাধ্যমেই বাজারের গতি-প্রকৃতি বোঝা যায়। সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সূচকের প্রভাবও অনেকখানি।