ক্ষমা চাইলেন উইনফ্রে
৫৪তম গ্র্যামি অ্যাওয়ার্ডস আসর বসেছিল ১২ ফেব্রুয়ারি। এর আগ মুহূর্তে টুইটারের মাধ্যমে ভক্তদের পুরস্কার প্রদান অনুষ্ঠানটি না দেখে নিজের ‘অপরাহ’স নেক্সট চ্যাপটার’ অনুষ্ঠানটি দেখার অনুরোধ জানিয়েছিলেন প্রখ্যাত মার্কিন টিভি ব্যক্তিত্ব ও অভিনেত্রী অপরাহ উইনফ্রে। এ কারণে তাঁর বিরুদ্ধে টিভি রেটিংস বিধি ভঙ্গের অভিযোগ উঠলে সম্প্রতি ক্ষমা চেয়েছেন ৫৮ বছর বয়সী এই মার্কিন তারকা। টুইটারের মাধ্যমে উইনফ্রে তাঁর ভক্তদের সংগীতের অন্যতম গুরুত্বপূর্ণ পুরস্কার প্রদান অনুষ্ঠান গ্র্যামি না দেখে তাঁর নিজস্ব চ্যানেল অপরাহ উইনফ্রে নেটওয়ার্কে অপরাহ’স নেক্সট চ্যাপটার অনুষ্ঠানটি দেখার অনুরোধ করেছিলেন। টুইটার বার্তায় তিনি লিখেছিলেন, ‘সবাইকে উদ্দেশ্য করে বলছি, সম্ভব হলে অপরাহ উইনফ্রে নেটওয়ার্ক চ্যানেলটি খুলুন। আমার মনে হয়, গ্র্যামি না দেখে অপরাহ’স নেক্সট চ্যাপটার অনুষ্ঠানটি দেখলেই আপনারা বেশি উপকৃত হবেন।’ উইনফ্রের এমন টুইটের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে টিভি রেটিংস বিধি ভঙ্গের অভিযোগ তোলে নিয়েলসন রেটিংস নামের একটি কোম্পানি। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে কী পরিমাণ দর্শক কোন টিভি অনুষ্ঠান দেখেন তা নিরূপণ করে থাকে নিয়েলসন রেটিংস। কোম্পানিটির পক্ষ থেকে উইনফ্রেকে তাঁর টুইটার বার্তাটি সরিয়ে ফেলতেও বলা হয়।এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি এক বিবৃতির মাধ্যমে উইনফ্রে জানিয়েছেন, ‘নিয়েলসনের কাছ থেকে অনুরোধ পাওয়ার পর আমি টুইটার বার্তাটি সরিয়ে ফেলেছি। আসলে কারও কোনো রকম ক্ষতি করার উদ্দেশ্যে আমি এমনটা করিনি। তার পরও আমার কৃতকর্মের জন্য ক্ষমা চাইছি।’