ক্ষমা চাইলেন কামাল মজুমদার
রাজধানীর মিরপুরে মনিপুর উচ্চবিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে আজ বুধবার মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। মানববন্ধনে ওই ঘটনার জন্য আওয়ামী লীগের সাংসদ কামাল আহমেদ মজুমদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। আহত সাংবাদিকদের পক্ষে এবং মনিপুর উচ্চবিদ্যালয়ের পক্ষে মিরপুর থানায় গতকাল পাল্টাপাল্টি দুটি জিডি করা হয়েছে। এদিকে কামাল মজুমদার মারধরের অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলনে ক্ষমা প্রার্থনা করেন।সাংবাদিকেরা গতকাল মঙ্গলবার সংবাদ সংগ্রহের জন্য মনিপুর উচ্চবিদ্যালয়ে গেলে প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ কামাল আহমেদ মজুমদার ও তাঁর লোকজনের হামলায় আরটিভির সাংবাদিক অপর্ণা সিংহসহ চারজন লাঞ্ছিত হন বলে অভিযোগ ওঠে।কামাল মজুমদার আজ মনিপুর বিদ্যালয়ের শেওড়াপাড়া শাখায় আয়োজিত সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকের হাত মচকে দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কারও গায়ে হাত তুলিনি। তবুও আপনারা (সাংবাদিকেরা) যদি মনে করেন, মনোক্ষুণ্ন হন, তাহলে আমি ক্ষমা চাইছি।’ তিনি বলেন, ‘আরটিভির সাংবাদিকেরা যখন শিক্ষকদের সঙ্গে ধস্তাধস্তি করছিলেন তখন আমি গিয়ে একজনের হাত ধরি। তবে আরটিভি আমাকে ব্ল্যাকমেইল করার জন্য ধস্তাধস্তির দৃশ্য বাদ দিয়ে হাত ধরার দৃশ্যটি দেখিয়েছে।’একপর্যায়ে সাংসদ বলেন, ‘আমার বয়স হয়েছে। মৃত্যুর মুখ থেকে ঘুরে এসেছি। এখন আপনাদের কি মনে হয়, আমার এই হাত নিয়ে আমি কারও হাত মচকে দিতে পারি?’সংবাদ সম্মেলনে মনিপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।ওই ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রধান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ গতকাল প্রথম আলোকে বলেন, তদন্ত প্রতিবেদন কাল বৃহস্পতিবার জমা দেওয়া হবে। আজ এই প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।