ক্ষমা চাইলেন চিফ হুইপ!
কর্তব্যরত পুলিশ কর্মকর্তাকে কটূক্তি করায় তাঁর কাছে মাফ চাইতে হলো যুক্তরাজ্যের সরকারদলীয় চিফ হুইপ অ্যান্ড্রু মিচেলকে। গত বুধবার রাতে লন্ডনের ডাউনিং স্ট্রিটের প্রধান ফটকে এই কটূক্তির ঘটনা ঘটে। আজ শুক্রবার বিবিসি অনলাইন ও ‘দ্য গার্ডিয়ানে’ প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।যুক্তরাজ্যের ‘দ্য সান’ পত্রিকার খবরে বলা হয়, বুধবার রাতে নিজের সাইকেল নিয়ে লন্ডনের ডাউনিং স্ট্রিটের ফটক পার হচ্ছিলেন অ্যান্ড্রু মিচেল। এ সময় পুলিশের কর্তব্যরত কর্মকর্তা তাঁকে বাধা দেন। তিনি মিচেলকে সাইকেল থেকে নেমে পথচারীদের জন্য নির্মিত ছোট্ট একটি ফটক দিয়ে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে বাতচিতে জড়িয়ে পড়েন মিচেল। একপর্যায়ে পুলিশকে অকথ্য ভাষায় গালাগাল দেন তিনি। কর্তব্যরত পুলিশ কর্মকর্তার সঙ্গে অসৌজন্যমূলক ব্যবহার করার অভিযোগে অ্যান্ড্রু মিচেল গ্রেপ্তার হতে পারেন—এমন আশঙ্কা থেকে তিনি ওই পুলিশ কর্মকর্তার কাছে ক্ষমা চান। তবে লন্ডনের মহানগর পুলিশ জানায়, তারা এখনো মিচেলের বিরুদ্ধে কোনো মামলা করেনি। খবরে বলা হয়, সাইকেল নিয়ে ডাউনিং স্ট্রিটের ওই ফটক পার হতে পুলিশকে তা খুলে দিতে অনুরোধ করেন মিচেল। কিন্তু এতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষুব্ধ হয়ে ওই পুলিশ কর্মকর্তাকে বলেন, ‘ফটক খোলো, আমি চিফ হুইপ। আমি তোমাকে ফটক খুলতে বলছি। এসব ফটক দিয়ে আমি যাতায়াত করে থাকি।’ পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের কথা স্বীকার করেছেন অ্যান্ড্রু মিচেল। তিনি বলেন, ‘আমি মেনে নিচ্ছি যে পুলিশের সঙ্গে যথোচিত আচরণ করিনি। তবে পত্রিকায় প্রকাশিত কথা বলিনি।’ এক বিবৃতিতে মিচেল জানান, তিনি ডাউনিং স্ট্রিটের মূল ফটক দিয়ে পার হতে চেয়েছিলেন। কারণ, এর আগে অনেকবারই তাঁকে ওই পথ দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। এদিকে ডাউনিং স্ট্রিটের মুখপাত্র জানান, চিফ হুইপের এমন আচরণ সম্পর্কে অবগত আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। অ্যান্ড্রু মিচেল পুলিশ কর্মকর্তার কাছে ক্ষমা চাওয়ায় বিষয়টিকে তিনি স্বাগত জানিয়েছেন। ক্যামেরনের মতে, পুলিশকে তার প্রাপ্য সম্মান দেওয়া উচিত।