ক্ষমা চাইলেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের এক সাংবাদিকের কাছে গতকাল বুধবার ক্ষমা চেয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যান সালাজার। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে বন্য ঘোড়ার ব্যবস্থাপনায় কেন্দ্রীয় সরকার কী ব্যবস্থা নিয়েছে, এ ব্যাপারে জানতে চাইলে মন্ত্রী ওই সাংবাদিককে ঘুষি মারার হুমকি দেন। আর এ ঘটনার জন্যই তিনি ক্ষমা চেয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে গতকাল জানানো হয়।গত ৬ নভেম্বর রাতে কলোরাডো অঙ্গরাজ্যের ফাউনটেনে প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচনী প্রচারণায় অংশ নেন সালাজার। ওই সময় কলোরাডো ‘স্প্রিংস গেজেট’-এর সাংবাদিক ডেভ ফিলিপস বন্য ঘোড়ার ব্যবস্থাপনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ভূমি ব্যবস্থাপনা ব্যুরোর বিতর্কিত প্রকল্পের ব্যাপারে জানতে চান। তাতেই ক্ষিপ্ত হয়ে ফিলিপসকে ঘুষি মারার হুমকি দেন সালাজার।মন্ত্রীর হুমকির বিষয়ে কলোরাডো ‘স্প্রিংস গেজেট’-এর ওয়েবসাইটে একটি অডিও ক্লিপ দেওয়া হয়। এতে শোনা যায়, সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী সালাজার কড়াভাবে বলছেন, এমন একটি সরকারি নীতির বিষয়ে আলোচনার জন্য এটি সঠিক সময় বা স্থান নয়। ওই সাংবাদিক তাঁকে রাগিয়ে তুলেছিলেন বলেও তিনি অভিযোগ করেন। এরপর মন্ত্রী ওই সাংবাদিকের উদ্দেশে বলেন, ‘আপনি যদি এমনটা আবার করেন, আমি আপনাকে ঘুষি মারব।’মন্ত্রী সালাজার গতকাল ফিলিপসকে ফোন করেন এবং ওই ঘটনায় দুঃখ প্রকাশ করে চিঠি পাঠান। বিষয়টি গেজেট তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।সাংবাদিককে মন্ত্রীর এই হুমকির ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন তথ্যচিত্রনির্মাতা জিনজার কাথরেন্স। তিনি বলেন, যে কারও কাছ থেকে এ ধরনের হুমকি সঠিক নয়। কিন্তু যখন এমন হুমকি মন্ত্রীর কাছ থেকে আসে, তখন তা সত্যিই ভয়াবহ। সালাজার কলোরাডোর অ্যাটর্নি জেনারেল ছিলেন। পরে তিনি সিনেটর নির্বাচিত হন। ২০০৯ সালে প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রী করেন।