ক্ষমা চাইলেন সিপিএমের নেতা অনিল বসু
সিপিএমের নেতা ও সাবেক লোকসভা সদস্য অনিল বসু এক বিবৃতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য ক্ষমা চেয়েছেন।আজ রোববার অনিল বসু তাঁর হাতে লেখা এক বিবৃতিতে বলেন, ‘হুগলিতে একটি জনসভায় বিরোধী দলের নেতাকে উল্লেখ করে আমি কিছু বেসামাল মন্তব্য করেছি, যা আদৌ বলা ঠিক হয়নি। আমার এই বক্তব্য আমাদের দলের নীতি ও সংস্কৃতির বিরুদ্ধে। জনগণও আমার এই বক্তব্যকে ভালোভাবে নেয়নি। আমি আমার এই মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করছি।’জানা গেছে, গতকাল শনিবার হুগলিতে একটি জনসভায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বক্তব্য দিয়ে বলেন, ‘আমেরিকা মমতাকে টাকা দিচ্ছে। তিনি চেন্নাই, বেঙ্গালুরু থেকে কেন টাকা নেবেন? যেখানে ধনী মক্কেলরা তাঁকে টাকা দিচ্ছেন, গরিব মক্কেলদের সেখানে কোনো জায়গা নেই। আমি মমতাকে জিজ্ঞেস করেছি, তিনি ৩৪ কোটি টাকা কোথা থেকে পেলেন।’পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অনিল বসুর এই মন্তব্যকে খুবই দুঃখজনক উল্লেখ করে বলেছেন, ‘আমরা তাঁকে খোলাখুলিভাবে সমালোচনা করেছি। তাঁকে ক্ষমা প্রার্থনা করার জন্যও বলেছি। প্রয়োজন হলে তাঁর বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হবে।’ এনডিটিভি