ক্ষমা চাওয়ার শর্ত দেননি হাসিনা
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার বলেছেন, পাকিস্তানে ডি-৮ সম্মেলনে যোগ দেওয়ার শর্ত হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাত্তরের কৃতকর্মের জন্য ইসলামাবাদকে ঢাকার কাছে ক্ষমা চাওয়ার শর্ত দেননি। গতকাল সোমবার তিনি এ কথা বলেন।জিয়ো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, উন্নয়নশীল আট দেশের সংগঠন ডি-৮-এর সম্মেলনে যোগ দেওয়ার শর্ত হিসেবে শেখ হাসিনা পাকিস্তানকে লিখিতভাবে ক্ষমা চাইতে বলেছেন বলে যে খবর বেরিয়েছে, তা পুরোপুরি অস্বীকার করেছেন হিনা রাব্বানি। ডি-৮ সম্মেলনে যোগ দেওয়ার জন্য শেখ হাসিনাকে আমন্ত্রণ এরপর জানাতে হিনা রাব্বানি ৯ নভেম্বর ঢাকায় আসেন।হিনা রাব্বানি বলেন, ‘সম্প্রতি বাংলাদেশ সফরে গেলে আমাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বন্ধুত্বপূর্ণ চমত্কার পরিবেশে শেখ হাসিনা ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে আমার বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে কেউ এমন কোনো দাবি তোলেননি।’ ক্ষমা চাওয়ার দাবি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘পুরোপুরি ভুল’ বলে উল্লেখ করেন তিনি।হিনা রাব্বানি বলেন, শেখ হাসিনা চোখের সমস্যায় ভুগছেন। চিকিত্সক এই সময় তাঁকে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন। এ কারণেই সম্মেলনে যোগ না দেওয়ার কথা জানিয়েছেন তিনি। জিয়ো নিউজ।