ক্ষমা চেয়ে অভিযোগমুক্ত ‘নিজস্ব আদালত’ পরিচালনাকারী
গাইবান্ধা সদরের গিদারী ইউনিয়নে ‘নিজস্ব আদালত’ পরিচালনাকারী চেয়ারম্যান গোলাম সাদেককে সতর্ক করে দিয়েছেন হাইকোর্ট। ওই ঘটনায় ‘নিজস্ব আদালত’ পরিচালনার প্রক্রিয়ায় ত্রুটির জন্য তিনি নিঃশর্ত ক্ষমা চান। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাংগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চেয়ারম্যান গোলাম সাদেককে ক্ষমা করে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন। আদালত বলেন, নিজস্ব ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। কারও প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা এবং সূর্যের দিকে মুখ করে দাঁড় করানোর ক্ষমতা চেয়ারম্যান গোলাম সাদেকের নেই। তিনি যে ধরনের কাজ করেছেন, তা অপরাধ। জোর করে অন্তঃসত্ত্বা নারীকে ‘নিজস্ব আদালতে’ আনানো নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরাধ। চেয়ারম্যানকে উদ্দেশ করে আদালত বলেন, ‘আপনার নিজের ক্ষমতার সীমাবদ্ধতা সম্পর্কে জানা উচিত।’গত ৮ জানুয়ারি প্রথম আলোয় ‘এক চেয়ারম্যানের নিজস্ব আদালত’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। তা আদালতের নজরে আনা হলে পরদিন হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। গাইবান্ধার জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। একই সঙ্গে চেয়ারম্যান গোলাম সাদেককে ১২ জানুয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দেন আদালত। নির্দেশ অনুসারে ওই দিন হাইকোর্টে হাজির হলে আদালত গোলাম সাদেক, চারজন গ্রাম পুলিশসহ পাঁচজনকে আজ (১৯ জানুয়ারি) হাজির হওয়ার নির্দেশ দেন।নির্দেশনা অনুসারে আজ সকালে চেয়ারম্যান গোলাম সাদেক, গ্রাম্য পুলিশ চারজন ও অন্তঃসত্ত্বা কল্পনা বেগমের স্বামী আবদুস সাত্তার হাইকোর্টে হাজির হন। আদালতকে সহায়তা করার জন্য আগের নির্দেশনা অনুসারে প্রথম আলোর গাইবান্ধা প্রতিনিধি শাহাবুল শাহীন আদালতে উপস্থিত হন।বেলা ১১টা ৫০ মিনিটে শুনানি শুরু হয়। প্রায় ২০ মিনিটের শুনানিতে চেয়ারম্যান এজলাসকক্ষের কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন। শুনানির শুরুতে তাঁর পক্ষে আইনজীবী কে এম হাফিজুল আলম নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতির আবেদন করেন। এরপর অন্তঃসত্ত্বা কল্পনা বেগমের স্বামী আবদুস সাত্তার আদালতে বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, জমি নিয়ে বিরোধের একটি মামলা দেওয়ানি আদালতে রয়েছে। কিন্তু বিষয়টি নিয়ে চেয়ারম্যানের ‘নিজস্ব আদালতে’ হাজিরের জন্য ধরে আনতে গ্রাম পুলিশকে পাঠানো হয়। পরে গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাজির করা হয়।‘প্রথম আলো’র প্রতিনিধি আদালতে বলেন, সরেজমিন তদন্ত করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ওই আদালতটি গ্রাম আদালতের আইন অনুসরণ করে গঠন করা হয়নি। উনি একাই বিচার করছেন এমন ছবি রয়েছে। এ ছাড়া চার গ্রাম পুলিশকে সূর্যের দিকে মুখ করে দাঁড় করিয়ে রাখা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য রেকর্ড করা আছে বলেও তিনি জানান। এরপর আদালত ওই চেয়ারম্যানকে সতর্ক করে দিয়ে আদেশ দেন। এ ছাড়া গ্রাম পুলিশ সুখচরণকে আইনজীবী নিয়োগ করে বক্তব্য উপস্থাপন করতে বলেন। শুনানি শুরুর কিছুক্ষণ পর আদালতের নির্দেশে সুখচরণ কাঠগড়ায় এসে দাঁড়ান।