এজলাসকক্ষে বিশৃঙ্খলার ঘটনায় আদালত অবমাননার অভিযোগ থেকে হাইকোর্টের ক্ষমা পেয়েছেন বিএনপি-সমর্থক ১১ জন আইনজীবী। তবে তাঁদের ওই ঘটনায় পুলিশের করা মামলায় কারাগারে পাঠিয়েছেন নিম্ন আদালত।এসব আইনজীবী গতকাল রোববার বিকেলে হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ তাঁদের ক্ষমা করে অভিযোগ থেকে অব্যাহতি দেন।এর আগে দুপুরে আইনজীবীরা একই ঘটনায় পুলিশের করা দুটি মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম মো. শাহাদৎ হোসেন তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বেলা একটার দিকে এই আদেশের পরপরই বিএনপি-সমর্থক আইনজীবীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন।এদিকে এসব আইনজীবীর পেশা পরিচালনার বিষয়ে বিধিনিষেধ আরোপ-সংক্রান্ত আদেশের মেয়াদ আর বৃদ্ধি করেননি হাইকোর্ট। ফলে তাঁরা আইন পেশা পরিচালনা করতে পারবেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। ২ আগস্ট হাইকোর্টে মুফতি ফজলুল হক আমিনীর মামলায় আদালতের অভিমতে খালেদা জিয়ার প্রসঙ্গ আসায় ওই বেঞ্চে সরকার ও বিরোধী দল-সমর্থক আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। ওই দিন রাতে শাহবাগ থানার পুলিশ বিএনপি-সমর্থক ১৪ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা করে। এরপর পুলিশকে হত্যাচেষ্টার অভিযোগে ৪ আগস্ট রাতে আরেকটি মামলা হয় নয়জন আইনজীবীর বিরুদ্ধে। এই মামলার সাতজন আসামি আগের মামলারও আসামি।এসব আইনজীবী হাইকোর্টে আগাম জামিন আবেদন জানালে ১০ আগস্ট তাঁদের জামিনের আবেদন নাকচ হয়।এ ছাড়া ওই ঘটনায় ৩ আগস্ট বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ আদালত অবমাননার রুল জারি করেন। একই সঙ্গে ১৩ আইনজীবীকে তাঁদের আইন পেশা পরিচালনা থেকে বিরত থাকতে নির্দেশ দেন। সর্বশেষ ১১ আগস্ট দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। আলোচনার পরিপ্রেক্ষিতে আসামি আইনজীবীদের গতকাল নিম্ন আদালতে আত্মসমর্পণ ও হাইকোর্টে এসে ক্ষমাপ্রার্থনার সিদ্ধান্ত হয়।নিম্ন আদালতে: সিদ্ধান্ত অনুসারে, গতকাল সকাল ১০টার দিকে গ্রেপ্তার না হওয়া ১০ জন আইনজীবী মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করেন। তাঁরা হলেন: মোহাম্মদ আলী, মির্জা আল মাহমুদ, মো. আশরাফুজ্জামান খান, কামরুল ইসলাম সজল, আবদুল্লাহ আল মাহমুদ, এনামুল হোসেন গাফফার, মাহমুদ আরেফিন স্বপন, শরীফ উদ্দীন আহম্মেদ, গোলাম নবী ও শহিদুজ্জামান। পরে তাঁদের জামিন আবেদন নাকচ করা হয়। হাইকোর্টে আবেদন: একই সঙ্গে সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে যান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খন্দকার মাহবুব হোসেন আদালতে বলেন, ১১ জন আইনজীবী ক্ষমা চেয়ে আবেদন করবেন। পরে বেলা দুইটার দিকে আবেদন উত্থাপন করে খন্দকার মাহবুব হোসেন বলেন, আইনজীবীরা ক্ষমা চেয়েছেন। তখন আদালত বলেন, তাঁরা তো পলাতক। জবাবে খন্দকার মাহবুব বলেন, তাঁরা ইতিমধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছেন। তাঁদের হাইকোর্টে হাজির করার ব্যাপারে আদালত আদেশ দিতে পারেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, তাঁরা ক্ষমা চেয়ে যে আবেদন করেছেন, তা যথাযথভাবে করা হয়নি। বিচারিক আদালতে তাঁরা হাঙ্গামা করেছেন।এ সময় আদালত সমিতির সভাপতিকে উদ্দেশ করে বলেন, ‘আপনি নিম্ন আদালতে হট্টগোল বন্ধের ব্যবস্থা নেন।’ খন্দকার মাহবুব বলেন, হাইকোর্টে কেউ কোনো শব্দ করবেন না। আদালত বেলা আড়াইটার দিকে ক্ষমাপ্রার্থনাকারী আইনজীবীদের হাজির করার জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও কারা মহাপরিদর্শককে নির্দেশ দেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্ষমা চেয়ে আবেদনকারী আইনজীবীরা হলেন: সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, কামরুল ইসলাম সজল, শহিদুজ্জামান, মির্জা আল মাহমুদ, শরিফ উদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল মাহবুব, এনামুল হোসেন গাফফার, মোহাম্মদ আলী, মো. আশরাফুজ্জামান খান, তৌহিদুল ইসলাম ও গোলাম নবী।এই ১১ জন আইনজীবীকে বিকেল চারটা ২০ মিনিটে হাইকোর্টের এজলাসকক্ষে হাজির করা হয়। আদালত এজলাসকক্ষে উপস্থিত জ্যেষ্ঠ আইনজীবী জমির উদ্দিন সরকার, মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, আবদুল মতিন খসরু ও ইউসুফ হোসেন হুমায়ুনের বক্তব্য শোনেন। তাঁরা ক্ষমার মত দেন। এ ছাড়া আসামিদের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এম বদরুদ্দোজা ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। পরে হাইকোর্ট আদেশ দেন। আদেশে বলা হয়, ‘আমরা ২ আগস্টের অপ্রত্যাশিত ও দুঃখজনক ঘটনার সাক্ষী। কম বয়স ও অভিজ্ঞতার অভাবের কারণে তাঁরা এ ঘটনা ঘটিয়েছেন, যা আদালত ও সমিতির মর্যাদা ক্ষুণ্ন করেছে। তাঁরা তাঁদের ভুল বুঝতে পেরেছেন। এ আদালতের করুণার কাছে নিজেদের সমর্পণ করেছেন। বলেছেন, ভবিষ্যতে তাঁরা এ ধরনের ঘটনা ঘটাবেন না। সমিতির জ্যেষ্ঠ সদস্যদের দায়িত্ব হচ্ছে, কনিষ্ঠ সদস্যরা যখন কোনো ভুল করেন, তা সংশোধনের ব্যবস্থা করা। অতীতে সমিতির সদস্যদের মধ্যে বিভক্তি তৈরি করা হয়েছে। এ বিভক্তি শেষ হওয়ার সময় এসেছে। আদালত বলতে বার ও বেঞ্চকে বোঝায়। আইনজীবীরা বেঞ্চের অবিচ্ছেদ্য অংশ। আদালত জনগণের আশা-ভরসার শেষ স্থল ও সংবিধানের রক্ষক। সকল জনগণ, আইনের শাসন, সংবিধানের শ্রেষ্ঠত্ব—এসব বিবেচনায় তাঁদের আদালত অবমাননা থেকে অব্যাহতি দেওয়া হলো। তাঁদের বিরুদ্ধে জারি করা আদালত অবমাননার রুলও নিষ্পত্তি করা হলো।’