ক্ষিরা বিক্রি হয় এখন খেতেই!
হাটে তোলার ঝামেলা নেই। গুনতে হবে না ইজারাদারের অতিরিক্ত খাজনা। জমিতে বসেই বিক্রি হচ্ছে বগুড়ার শেরপুরের ক্ষিরা। কৃষকদের অভিযোগ, যেখানে হাটে তাঁদের প্রতি মণ ক্ষিরার জন্য খাজনা দিতে হতো আট টাকা। জমিতে বিক্রি করে তাঁরা এই খাজনা থেকে রেহাই পেয়েছেন। সরেজমিন কৃষকেরা জানান, এবার আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়া না ঘটায় লাভের মুখ দেখছেন তাঁরা। উপজেলার মির্জাপুর, ভবানীপুর ও শাহবন্দেগী ইউনিয়নের কৃষকেরা ক্ষিরা চাষ করে আসছেন প্রায় এক যুগ ধরে। ভবানীপুর এলাকার কৃষক আমজাদ হোসেন জানান, বিগত বছরগুলোতে উপজেলার মির্জাপুর, ছোনকা ও ভবানীপুর হাটে তাঁদের প্রতি মণ ক্ষিরার জন্য খাজনা দিতে হতো আট টাকা। একই পরিমাণের টাকাও নিত ক্রেতাদের কাছ থেকে। এতে চাষের ব্যয় বেড়ে যেত। কৃষকেরা প্রতিবাদ করেও অতিরিক্ত খাজনা থেকে ইজারাদারের হাত থেকে রেহাই পেতেন না। তাই এবার থেকে তাঁরা জমি থেকেই ক্ষিরার বিক্রির কার্যক্রম শুরু করেছেন। ফলে উপকৃত হচ্ছেন চাষিরা। ক্ষিরাচাষি শফিকুল ইসলাম জানান, সরকারি নিয়মে তাঁদের প্রতি মণ খাজনা দেওয়ার কথা দুই-তিন টাকা। এলাকায় এই চাষে কৃষকদের আগ্রহ বাড়তে শুরু করেছে। বিগত বছরগুলোতে এলাকার হাটে ফসল তোলা শুরু হলে ইজারাদারেরা তাঁদের ওপর খাজনার টাকার পরিমাণও বাড়িয়ে দেন। ফলে কৃষকের লাভের পরিমাণ কমে যায়। হাটে একতরফা খাজনা আদায়ে কোনো নিয়ম না থাকায় ক্ষতির শিকার হতে হয় চাষি ও বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতাদের। যার কারণে এবার ক্ষিরাচাষিরা জমিতে বসেই বিক্রি শুরু করেছেন। তাঁর মতে, এবার এলাকার প্রতিটি কৃষকের ফলন বেশি। উৎপাদন হবে বিঘাপ্রতি ৮০ থেকে ৯০ মণ। আর জমি থেকে বিক্রি হচ্ছে প্রতি মণ সাদা ক্ষিরা ৪২০ থেকে ৪৫০ টাকায়। আর খরচ হয়েছে বিঘাপ্রতি ১২ থেকে ১৫ হাজার টাকা।কাকডাকা ভোর থেকেই বাড়ির ছেলেমেয়েরা জমি থেকে ক্ষিরা তুলতে ব্যস্ত হয়ে পড়ে। সকাল নয়টার মধ্যে তোলা শেষ হলেই ক্রেতারা এসব কিনে নিয়ে যান ঢাকাসহ নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম শহরে। পাশাপাশি চলে শেরপুরের বাজারেও। উপজেলা শাহবন্দেগী ইউনিয়নের মামুরশাহী গ্রামের চাষি আসাদুজ্জামান জানান, আগামী ১৫ থেকে ২০ দিন ক্ষিরার ফলন ও বিক্রি বাড়বে। এরপর ধীরে ধীরে ফলন কমতে শুরু করবে। তিনি এবার ক্ষিরার চাষ করেছেন সাড়ে চার বিঘা জমিতে। ক্ষিরাচাষি আমিনুল ইসলাম ও শফিকুল ইসলাম জানান, ইজারাদারকে কোনো খাজনা না দেওয়ায় এবার এই চাষে কৃষকেরা সব মিলে বিঘাপ্রতি লাভ পাবেন ২০ থেকে ২২ হাজার টাকা।ক্ষিরা কিনতে আসা ঢাকার কারওয়ান বাজারের ইসমাইল হোসেন জানান, তিনিসহ অনেক ব্যবসায়ী শেরপুরের কৃষকদের কাছ থেকে সরাসরি মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করে ক্ষিরা কিনে থাকেন। তাঁরা কৃষকের সঙ্গে যোগাযোগ করে সরাসরি ট্রাক নিয়ে পৌঁছে যান খেতের পাশে। স্থানীয় কৃষকেরা স্বাচ্ছন্দে জমিতে বসেই ক্ষিরা বিক্রি করেন। তিনি জানান, খাজনা যেভাবে দুই পক্ষের কাছ থেকে আদায় করা হয়, তা কোনো নিয়মের মধ্যে পড়ে না। এতে তাঁরাও অতিরিক্ত খাজনা দেওয়া থেকে রেহাই পেয়েছেন। ফলে ক্রেতা ও বিক্রেতা উভয়েই লাভবান হচ্ছেন।শেরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ওই তিনটি ইউনিয়নে ৩৫ হেক্টর জমিতে ক্ষিরার চাষ হয়েছে। দিন দিন বাড়ছে কৃষকদের মধ্যে এই চাষের আগ্রহ। উপজেলা কৃষি কর্মকর্তা স ম আশরাফ আলী জানান, কৃষকের ফসল বিক্রিতে যদি কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, তাহলে কৃষকেরা চাষের আগ্রহ হারাবেন। অতিরিক্ত খাজনা আদায় না করে ইজারাদারেরা কৃষকের বন্ধু হয়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।উপজেলার মির্জাপুর হাটের ইজারাদার মজনু জানান, কৃষকদের অভিযোগ সত্য নয়। সরকারি নিয়মের বাইরে কোনো খাজনা আদায় করা হয় না।